অস্ট্রেলিয়ার ফাস্ট বোলারদের নিয়ে ভয়ে ছিল পাকিস্তান
রাওয়ালপিন্ডি টেস্ট দিয়েই ২৪ বছর পর পাকিস্তানে ক্রিকেট খেলতে ফিরেছিল অস্ট্রেলিয়া। ক্রিকেটপ্রেমীদের কত আগ্রহ, কত উত্তেজনা দীর্ঘ দুই যুগ পর অনুষ্ঠিত এই টেস্ট সিরিজ নিয়ে! কিন্তু শেষ পর্যন্ত সবকিছুর ওপরই জল ঢেলে দিল পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের মাঝের ২২ গজ।
পিন্ডির উইকেট ক্রিকেট-রোমাঞ্চের পথে বাধা হয়েই এসেছিল। এমনিতে পেসবান্ধব উইকেটটি ব্যাটিং-স্বর্গ বানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড টেস্টটির বারোটা বাজিয়েছে—এমন অভিযোগও উঠেছে। বোলারদের জন্য যে উইকেটে কিছুই থাকে না, সেটি একপর্যায়ে প্রহসনে পরিণত হতে বাধ্য—রাওয়ালপিন্ডি টেস্টে ঠিক এমনটিই হয়েছে। রাওয়ালপিন্ডি টেস্টকে এমন অর্থহীন বানিয়ে ফেলার জন্য অস্ট্রেলীয় গণমাধ্যম তো পিসিবিকে রীতিমতো ধুয়ে দিচ্ছে। এই টেস্টের পাঁচ দিনে রান উঠেছে ১১৮৭, উইকেট পড়েছে মাত্র ১৪টি।
সমালোচনার মধ্যেই রাওয়ালপিন্ডির উইকেট নিয়ে মুখ খুলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডর চেয়ারম্যান রমিজ রাজা। পিসিবির টুইটারে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি রাওয়ালপিন্ডি টেস্টের উইকেট নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। তাঁর কথাতেই স্পষ্ট, অস্ট্রেলীয় ফাস্ট বোলারদের হাত থেকে বাঁচতেই এমন উইকেট তৈরি করেছিল পাকিস্তান। রমিজ বলেছেন, ‘রাওয়ালপিন্ডি টেস্ট, টেস্ট ক্রিকেটের জন্য ভালো বিজ্ঞাপন ছিল না।’
পাকিস্তান এই টেস্টে যেকোনো বিচারেই অস্ট্রেলীয় দলের চেয়ে পিছিয়ে ছিল। পেসার হাসান আলী চোটের কারণে ছিলেন না। ছিলেন না ফাহিম আশরাফ ও হারিস রউফ। এমনকি দলের দুই ওপেনার আবদুল্লাহ শফিক ও ইমাম-উল-হকের ফর্ম নিয়েও ছিল সংশয়। অস্ট্রেলিয়ার গতির আক্রমণ থেকে পাকিস্তানের তুলনামূলক দুর্বল ব্যাটিং লাইনকে বাঁচাতে রাওয়ালপিন্ডি টেস্টের উইকেট ছিল টিম ম্যানেজমেন্ট ও পিসিবির একধরনের কৌশল। রমিজ সেটিই বলছেন, ‘আমি ক্রিকেটপ্রেমীদের হতাশার জায়গাটা বুঝতে পারি। কোনো সন্দেহ নেই, যদি এই টেস্টে ফল বের হতো, তাহলে খুবই ভালো হতো। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, তিন টেস্টের সিরিজ যেহেতু এটি, প্রচুর ক্রিকেট এখনো বাকি রয়ে গেছে। কিন্তু কেবল ফলের জন্য আমরা দ্রুতগতির ও বাউন্সি উইকেট বানিয়ে টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার সুবিধা করে দিতে পারি না!’
পাকিস্তান ক্রিকেট দলের দুর্বলতার বিষয়টিও এসেছে রমিজের কথায়, ‘দলে ফাহিম আশরাফ আর হাসান আলী ছিল না চোটের কারণে। উদ্বোধনী ব্যাটিংয়ে দুজনই ছিল নতুন—আবদুল্লাহ শফিক ও ইমাম-উল-হক। শফিক মাত্র দুই–তিনটি টেস্ট খেলেছে। তার ফর্ম নিয়ে আমরা চিন্তিত ছিলাম। অস্ট্রেলিয়ার বিশ্বসেরা ফাস্ট বোলারদের সে ভালোভাবে খেলতে পারবে কি না, তা নিয়ে আমাদের সংশয় ছিল।’
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও রাওয়ালপিন্ডি টেস্টের উইকেটের সমালোচনা করে বলেছিলেন, রাওয়ালপিন্ডির উইকেট সাধারণত পেসারদের কিছুটা সাহায্য করে, কিন্তু এবার পুরো ভিন্ন জিনিসই দেখা গেল। টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ দেখলেই বোঝা যায়, পিন্ডির উইকেটে পেসারদের সাহায্য পাওয়ার ব্যাপারটিই মাথায় ছিল তাদের। অস্ট্রেলিয়ার একাদশে যেখানে পেসারদের আধিক্য ছিল, সেখানে পাকিস্তান নেমেছিল মাত্র দুজন পেস বোলার নিয়ে।