
ডারউইনে তিন দিনের প্রস্তুতি ম্যাচটায় ভালো করতে পারেননি। এক ইনিংসে করেছেন ৭, অন্যটিতে ১ রান। তবে উসমান খাজার এই পারফরম্যান্স মনে হয় না বাংলাদেশ সফরে তাঁর একাদশে থাকার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। কারণ অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ আস্থা রাখছেন তাঁর ওপর। একই সঙ্গে দুই স্পিনার খেলালে নাথান লায়নের সঙ্গে যে অ্যাশটন অ্যাগার থাকবেন, সেটাও অনেকটা নিশ্চিত করে দিয়েছেন স্মিথ।
গত ফেব্রুয়ারি-মার্চে ভারত সফরে শন মার্শের কাছে জায়গা হারান খাজা। জানুয়ারির শুরুতেই পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্ট খেলার পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি ৩০ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটসম্যানের। অথচ ২০১৬-১৭ মৌসুমে ঘরের মাঠে দুর্দান্ত গ্রীষ্ম কেটেছে খাজার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ টেস্টে ৫২.৩৩ গড়ে ৩১৪ রান করে ছিলেন সবার ওপরে। পাকিস্তানের বিপক্ষে সমান টেস্টে ৬৬.৭৫ গড়ে ২৬৭ রান। তবুও খাজাকে ভারত সফরে না রাখার পেছনের যুক্তি ছিল স্পিনে দুর্বলতা। ২৩ টেস্টের ক্যারিয়ারে তাঁকে গ্রায়েম সোয়ান আউট করেছেন পাঁচবার, চারবার দিলরুয়ান পেরেরা। বিবেচনায় নেওয়া হয়েছিল উপমহাদেশের মাটিতে তাঁর কিছুটা বাজে রেকর্ডও। যদিও এখন পর্যন্ত উপমহাদেশে শুধু শ্রীলঙ্কাতেই টেস্ট খেলেছেন খাজা, ৭ ইনিংসে করেছেন ১১৫ রান, গড় মাত্র ১৯.১৬। সেই খাজাই আবার ফিরেছেন উপমহাদেশের আরেক দল বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে।
২৭ আগস্ট শুরু ঢাকা টেস্টে খাজার যে একাদশে থাকাটা প্রায় নিশ্চিতই করে দিয়েছেন স্মিথ, ‘এই গ্রীষ্মে উসমান (খাজা) আমাদের জন্য বড় খেলোয়াড় হতে যাচ্ছে। গত দুই বছরে অস্ট্রেলিয়ায় সে দুর্দান্ত খেলেছে। আরও খেলতে পারলে ওর জন্যই ভালো হবে। সে দারুণ কিছু করতে উন্মুখ। আমার মনে হয়, ও সুযোগটা কাজে লাগাতে পারবে।’
খাজা ফিরলে ব্যাটিং অর্ডারেও কিছু পরিবর্তন আসবে অস্ট্রেলিয়া দলে। ভারত সফরে স্মিথ তিন নম্বরে ব্যাট করেছেন প্রায় সব ইনিংসে। তবে খাজা ফিরলে ওই জায়গাটা তাঁকে ছেড়ে দিয়ে স্মিথ নেমে যাবেন চারে। এটাই স্মিথের পছন্দের জায়গা। ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৮ টেস্টের ২৯ ইনিংসে চারে ব্যাট করেছেন, সমান ৭টি করে সেঞ্চুরি, ফিফটিসহ গড় ৭৫.২৯। খাজাকে তিন নম্বর জায়গাটা ছাড়লেও নিজে চারের নিচে নামতে চান না স্মিথ, ‘আমি উসমানকে টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবেই দেখি। আমার নিজের তিন বা চার কোনোটিতেই ব্যাট করতে আপত্তি নেই। তবে এর নিচে আর নামব না।’
২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক সিরিজের পর আর টেস্টই খেলা হয়নি অ্যাশটন অ্যাগারের। সর্বশেষ ভারত সফরে নাথান লায়নের সঙ্গী হিসেবে নির্বাচকেরা বেছে নিয়েছিলেন স্টিভেন ও’কিফকে। ৪ টেস্টে ১৯ উইকেট নিয়েছিলেন ও’কিফ, পুনেতে সিরিজের প্রথম টেস্টে ১২ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরাও। তবে বাংলাদেশ সফরের দলেই রাখা হয়নি ও’কিফকে। নাথান লায়নের সঙ্গী হিসেবে তাই অভিষেকের অপেক্ষায় থাকা মিচেল সোয়েপসনের চেয়ে অ্যাগারকেই বেশি পছন্দ স্মিথের। অ্যাগার একাদশে থাকবেন কি না, এমন প্রশ্নে অস্ট্রেলিয়ান অধিনায়ক বলেছেন, ‘এখন পর্যন্ত ওর থাকার সম্ভাবনাই বেশি। গত দুই বছরে ও অনেক উন্নতি করেছে। আমার মনে হয়, সবার আগে ওরই সুযোগটা পাওনা।’
গতকাল রাতেই ঢাকায় এসে পৌঁছেছেন স্মিথরা। দেশ ছাড়ার আগে এই সফর নিয়ে আশার কথাই বলে এসেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক, ‘নিজেদের কন্ডিশনে ওরা (বাংলাদেশ) খুব ভালো দল। খুবই চ্যালেঞ্জিং হতে যাচ্ছে ওরা। ওই কন্ডিশনে খেলতে পারাটা আমাদের জন্য দারুণ হবে। যদি দেখাতে পারি ভারত থেকে আমরা কী শিখেছি, তাহলে আরও ভালো। আশা করি, ছেলেরা অনেক শিখেছে, সেগুলো আমরা কাজে লাগাতে পারব এবং সফল একটা সফরই হবে।’ এএফপি।