অস্ট্রেলিয়ার বাধা ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল থেকেই ঝলমলে রোদে হেসেছে কার্ডিফের আকাশ। আর বোলাররা হেসেছেন সারা দিনই, কার্ডিফ টেস্টের তৃতীয় দিনেই যে উইকেট পড়েছে ১৫টি! প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩০৯ রানের পর ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে গেছে ২৮৯ রানে। চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়াকে জিততে হলে করতে হবে ৪১২ রান। টেস্ট ইতিহাসেই এর চেয়ে বেশি রান তাড়া করে জেতার উদাহরণ আছে মাত্র দুটি, অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে যেতে হবে নিজেদের ৪০৪ রান তাড়া করে জয়ের রেকর্ডও।
সকালের সেশন শেষে ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুকের মুখে হাসিটা ছিল চওড়াই। আগের দিনের সঙ্গে মাত্র ১ রান করেই ফিরে যান শেন ওয়াটসন। নাথান লায়নও ফিরে যান দলীয় ২৬৫ রানেই, এবার ঘাতক মার্ক উড। ব্র্যাড হাডিন ও মিচেল জনসন মিলে একটু প্রতিরোধের চেষ্টা করেছিলেন। কিন্তু ব্রড-অ্যান্ডারসনের নতুন বলের তোপে বেশিক্ষণ টিকতে পারেননি। আগের দিনের সঙ্গে মাত্র ৪৪ রান যোগ করেই তাই শেষ পাঁচ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া।
নিজেদের মাঠে প্রথম ইনিংসে এক শর বেশি রানে এগিয়ে থাকে এর আগে একবারই হেরেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়াকে বোলিংয়ে দারুণ কিছুই করতে হতো। ২২ রানের মধ্যেই দুই উইকেট ফেলে দিয়ে সেই সম্ভাবনাও জাগিয়েছিলেন স্টার্ক-হ্যাজলউড। কিন্তু বেল ও রুটের তৃতীয় উইকেট জুটি (৯৭ রান) ইংল্যান্ডকে পথ দেখিয়েছে। ১৭০ রানে বেলের আউটের পর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে ইংল্যান্ড, শেষ ছয় উইকেট পড়েছে ১১৯ রানে। শেষদিকে উডের ১৮ বলে ৩২ রানের কল্যাণেই ২৮৯ রান পর্যন্ত যেতে পেরেছে ইংল্যান্ড। অফ স্পিনে চার উইকেট নিয়ে মূল ঘাতক লায়ন। তথ্যসূত্র: স্টার স্পোর্টস।