অস্ট্রেলিয়ার বিপক্ষে থাকছেন না ডি ভিলিয়ার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার বিপক্ষে অধিনায়ককে হারাল দক্ষিণ আফ্রিকা। ফাইল ছবি
অস্ট্রেলিয়ার বিপক্ষে অধিনায়ককে হারাল দক্ষিণ আফ্রিকা। ফাইল ছবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগেই বড় ধাক্কা খেল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। কনুইয়ের চোট সিরিজ থেকে ছিটকে দিয়েছে প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সকে। শুধু ওয়ানডে সিরিজই নয়, নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টেস্ট সিরিজেও দর্শক হয়েই থাকতে হবে অধিনায়ক এবিকে।

আয়ারল্যান্ডের সঙ্গে গত রোববারের একমাত্র ওয়ানডে ম্যাচের আগেই খবর এসেছিল কনুইয়ে চোট পেয়েছেন ডি ভিলিয়ার্স। তখন চোটটাকে খুব বড় মনে হয়নি। কিন্তু আজ জানা গেছে চোট থেকে সেরে উঠতে অস্ত্রোপচার করতে হবে ডি ভিলিয়ার্সকে। সে কারণেই আট থেকে ১০ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।

প্রোটিয়া দলের ম্যানেজার মোহাম্মদ মুসাজে বলেছেন, ‘এবি আজ ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে পারেনি। ব্যাটিংয়ের সময় ফিজিও তার কনুই বেঁধে পাওয়ার কিছুক্ষণ ব্যাট করতে পেরেছিল আজ কিন্তু ব্যথা পুরোপুরি যায়নি।’

দক্ষিণ আফ্রিকা দলের সূত্র জানিয়েছে আগামী সপ্তাহের শুরুতেই কনুইয়ে অস্ত্রোপচার করা হবে। পরশু সেঞ্চুরিয়ান শুরু হবে পাঁচ ওয়ানডের দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজ। সূত্র: ক্রিকইনফো