অস্ট্রেলিয়ার ওপর কীসের এত রাগ রোহিতের!

অস্ট্রেলিয়া-ভারত হাইকমিশনার পর্যায়ে একটা বৈঠকই হওয়া উচিত। অস্ট্রেলিয়ার ওপর কীসের এত ‘রাগ’ রোহিত শর্মার? এভাবে তো চলতে দেওয়া যায় না। একটা শান্তিপূর্ণ সমাধান দরকার। দশটা সেঞ্চুরি করেছেন ক্যারিয়ারে, পাঁচটিই অস্ট্রেলিয়ার বিপক্ষে! চারটিই আবার অস্ট্রেলিয়ার মাটিতে।
ব্রিসবেনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও সেঞ্চুরি করলেন। এই সেঞ্চুরি দিয়ে ভারতীয় এক রেকর্ডে শচীন টেন্ডুলকারের পরেই নাম লিখিয়েছেন রোহিত। ভারতের ব্যাটিং রেকর্ড মানেই তো টেন্ডুলকারের রেকর্ড। তাই রোহিত শর্মার সামনে আছেন শুধুই টেন্ডুলকার শুনে চমকে ওঠার কথা নয়। কিন্তু রোহিত তো টেন্ডুলকারকেও পেছনে ফেলে দিচ্ছেন!
রোহিতের সেঞ্চুরি, রাহানের ৮৯, বিরাট কোহলির ৫৯ রানের সৌজন্যে প্রথমে ব্যাট করে ভারত ৮ উইকেটে তুলেছে ৩০৮। দেখা যাক, এবার ভারতের বোলাররা এই পুঁজিটা নিয়ে লড়াই করতে পারে কি না। গত ম্যাচে অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের থামানোর কোনো পথই যে তারা খুঁজে পায়নি।
ওদিকে অস্ট্রেলিয়া খুঁজে পাচ্ছে না রোহিতকে থামানোর উপায়। রোহিত বোধ হয় ঠিকই করে ফেলেছেন এই অস্ট্রেলিয়ায় এলে রেকর্ডে রেকর্ডে ভরিয়ে দেবেন। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মাটিতে অতিথি দলের হয়ে সর্বোচ্চ রানের স্কোর গড়লেন। আর আজ লজ্জার এক রেকর্ড থেকে মুক্তি দিলেন ভারতীয় ওপেনারদের। এর আগে ব্রিসবেনে কোনো ভারতীয় ওপেনার সেঞ্চুরি করতে পারেনি। স্বয়ং টেন্ডুলকার ৯টি ইনিংস খেলেও এখানে সেঞ্চুরির দেখা পাননি। রোহিত শর্মা অবশেষে ভারতীয় ওপেনারদের সেই গেরো খুললেন। অবশ্য ভাগ্যের সাহায্যও পেয়েছেন। ৮৯ রানে জোয়েল প্যারিসের বলে কট বিহাইন্ড হলেও আম্পায়ারের বদান্যতায় বেঁচে গিয়েছেন। পরে ব্রিসবেনে ভারতের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে আউট হয়েছেন ১২৪ করে।
লারা-টেন্ডুলকারের রেকর্ডও ভেঙেছেন রোহিতএই সেঞ্চুরিতে রোহিতের ওয়ানডে ক্যারিয়ারে সেঞ্চুরির সংখ্যাটি দুই অঙ্ক ছুঁল। ৫০ শতাংশ সেঞ্চুরিই অস্ট্রেলিয়ার বিপক্ষে! অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ নয়টি সেঞ্চুরির রেকর্ড আছে টেন্ডুলকারের। ৬টি সেঞ্চুরি করেছেন ক্যারিবীয় কিংবদন্তি ডেসমন্ড হেইন্স। রোহিত যে গতিতে ছুটছেন, ক্রিকেটের সবচেয়ে সফল দলের বিপক্ষে ওয়ানডের সব রেকর্ড বুঝি নিজের করে নেবেন। হেইন্সের এই অর্জন ৬৪ ম্যাচে, টেন্ডুলকারের ৭১টিতে। রোহিতের সামনে এখনো বিস্তর সময় পড়ে আছে। এটি মাত্র ২০ ইনিংস তাঁর অস্ট্রেলিয়ার বিপক্ষে। আগের ম্যাচেই ১৯ ইনিংসে এক হাজার রান পূর্ণ করে লারা-টেন্ডুলকারের রেকর্ড ভেঙেছেন।
সেঞ্চুরির রেকর্ডে টেন্ডুলকারকে তাড়া করতে করতেই রোহিত টেন্ডুলকারকে পেছনে ফেলেছেন অন্য একটি ক্ষেত্রেও। অস্ট্রেলিয়ার মাটিতে নিজের চতুর্থ সেঞ্চুরিটা করে ফেললেন। কিংবদন্তি ভিভ রিচার্ডসও করেছেন তিনটি সেঞ্চুরি। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার মাটিতে টেন্ডুলকারের সেঞ্চুরি সংখ্যা কটি জানেন? মাত্র একটি!
ক্রিকেটের সর্বশেষ স্কোর জানতে মোবাইল থেকে C লিখে পাঠিয়ে দিন 2221 নম্বরে