অস্ট্রেলিয়ার বোলিং কোচ হচ্ছেন গিলেস্পি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেসন গিলেস্পি। ছবি: এএফপি।
জেসন গিলেস্পি। ছবি: এএফপি।

এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। তবে খুব শিগগির নাকি অস্ট্রেলিয়ার বোলিং কোচ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন জেসন গিলেস্পি। প্রার্থী বেশ কয়েকজন থাকলেও ইংলিশ কাউন্টি দল ইয়র্কশায়ারের বর্তমান কোচ অস্ট্রেলিয়ার সাবেক পেসার গিলেস্পিই নাকি দৌড়ে এগিয়ে আছেন। আগামী এক মাসের মধ্যে গিলেস্পিকে চূড়ান্ত করে ফেলার কথা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ক্রেইগ ম্যাকডারমট বিদায় নেওয়ার পর থেকেই একজন যোগ্য বোলিং কোচ খুঁজে ফিরছে অস্ট্রেলিয়া। তাসমানিয়ার সাবেক পেসার অ্যাডাম গ্রিফিথকে অবশ্য ওয়েস্ট ইন্ডিজে ত্রিদেশীয় সিরিজের জন্য অন্তর্বর্তীকালীন নিয়োগ দেওয়া হয়েছে। জুলাই-আগস্টে শ্রীলঙ্কা সিরিজে বোলিং কোচের দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ড। ডোনাল্ড পুরো সময়ের জন্যই কাজ করতে চেয়েছেন। কিন্তু গিলেস্পিকে পেয়ে যাওয়ায় ডোনাল্ডকে সম্ভবত শ্রীলঙ্কা সিরিজের পরপরই বিদায় নিতে হবে।

সিডনি মর্নিং হেরাল্ডকে ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন কর্মকর্তা বলেন, ‘গিলেস্পিকে আমরা রাজি করিয়েছি। তাঁর সঙ্গে আরও আরও কিছু বিষয় নিয়ে আলাপ-আলোচনা করছি। আলাপ এগিয়েছে অনেকটাই। আগামী মাসের মধ্যেই সবকিছু চূড়ান্ত করে ফেলা যাবে। বোলিং কোচ হিসেবে আমাদের অনেকের সঙ্গেই কথা হয়েছে।’

ডোনাল্ড ছাড়াও সাবেক অস্ট্রেলীয় পেসার রায়ান হ্যারিস, অ্যান্ডি বিকেল ও নিউজিল্যান্ডের সাবেক ফাস্ট বোলার শেন বন্ডের নাম অস্ট্রেলিয়ার বোলিং কোচ হিসেবে শোনা গেছে। সূত্র: সিডনি মর্নিং হেরাল্ড।