অস্ট্রেলিয়ার ভরসারা কে কী করলেন?

বাংলাদেশের টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে ডারউইনে সপ্তাহখানেকের অনুশীলন ক্যাম্প করেছে অস্ট্রেলিয়া। এর অংশ হিসেবে নিজেদের মধ্যে তিন দিনের প্রস্তুতি ম্যাচও খেলেছেন স্মিথ-ওয়ার্নাররা। এই প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া কতটা নিজেদের ঝালিয়ে নিয়েছে, সেটি বিশ্লেষণ করেছে ‘ক্রিকেট অস্ট্রেলিয়া’।
স্টিভেন স্মিথ
প্রথম ইনিংসে অস্ট্রেলীয় অধিনায়ক খেলেছেন ১৫০ বল। অবসরে যাওয়ার আগে করেছেন ৮৪ রান। প্যাট কামিন্সের তোপ যেমন সামলেছেন, তেমনি খেলেছেন স্পিনার ত্রয়ী নাথান লায়ন, অ্যাশটন অ্যাগার ও জন হল্যান্ডকে। অ্যাশটন অ্যাগারকে গ্লাইড করতে গিয়ে পরের ইনিংসে আউট হয়েছেন শূন্য রানে। তবে তার আগে প্রস্তুতিটা ভালোই সেরেছেন স্মিথ।
ডেভিড ওয়ার্নার
সহ-অধিনায়কের জন্য ডারউইন প্রস্তুতিটা হয়েছে ভুলে যাওয়ার মতো। দ্বিতীয় দিনে জশ হ্যাজলউডের বাউন্সারের আঘাতে ব্যাটিং ভালোভাবে করতে পারেননি। আহত অবসরের আগে ২২ বলে করেছেন ৬ রান। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে, আঘাত সামলে দলের সঙ্গেই ঢাকার বিমান ধরছেন বাঁহাতি ওপেনার।
অ্যাশটন অ্যাগার
এই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে কদিন আগে অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে তুলনা করেছেন তাঁর রাজ্য কোচ জাস্টিন ল্যাঙ্গার। যদিও প্রস্তুতি ম্যাচে কোচের মূল্যায়নের যথার্থতা প্রমাণ করতে পারেননি অ্যাগার। করেছেন ১৪ ও ১ রান। তবে বোলিংয়ে দারুণ করেছেন। তৃতীয় দিনের স্মিথসহ নিয়েছেন ৪ উইকেট। ২৩ বছর বয়সী অলরাউন্ডারের স্তুতি করেছেন কোচ ড্যারেন লেম্যান, ‘দুর্দান্ত বোলিং করেছে।’
জ্যাকসন বার্ড
শেষ মুহূর্তে দলে সুযোগ পাওয়া বার্ডের ফিটনেস নিয়ে সংশয় দেখা দেয় প্রথম ইনিংসে। তবে ছন্দ খুঁজে পেয়েছেন তৃতীয় দিন সকালে। তুলে নিয়েছেন উসমান খাজার উইকেট। অসাধারণ এক স্পেলের পর তাঁর ফিটনেস নিয়ে সংশয় দূর হলেও ঢাকা টেস্টে অস্ট্রেলীয় টিম ম্যানেজমেন্ট জশ হ্যাজলউড ও প্যাট কামিন্সের পরই রাখবে তাঁকে।
হিলটন কার্টরাইট
ডারউইনে প্রথম দিনটা অসাধারণ কেটেছে কার্টরাইটের। জিম্বাবুয়ে বংশোদ্ভূত এই ব্যাটসম্যান করেছেন ৮১ রান। পেস ও স্পিনের বিপক্ষে ২৫ বছর বয়সী ব্যাটসম্যানকে বেশ আত্মবিশ্বাসী দেখা গেছে। দ্বিতীয় ইনিংসে যদিও ফিরেছেন কোনো রান না করেই। লায়নের বলে দুর্দান্ত এক ক্লোজ-ইন ক্যাচও নিয়েছেন তিনি।
প্যাট কামিন্স
মিচেল স্টার্ক নেই। তবে বাংলাদেশের ব্যাটসম্যানদের বিপক্ষে গতির ঝড় তুলতে কামিন্স আছেন। ডারউইনে দ্বিতীয় দিনে সেটি তিনি করেও দেখিয়েছেন। তাঁর একটা শর্ট বল লেগেছে গ্লেন ম্যাক্সওয়েলের গায়ে। আগুন ঝরানো ১৬ ওভার বোলিংয়ে পেয়েছেন মার্কাস স্টয়নিচের উইকেট। ব্যাটিংও তাঁর ভালো হয়েছে, ৫২ বলে করেছেন ২৩ রান।
পিটার হ্যান্ডসকম্ব
ব্যাটিংয়ের প্রস্তুতি সবচেয়ে ভালো হয়েছে হ্যান্ডসকম্বের। প্রথম দিনেই পেয়েছেন সেঞ্চুরি। স্পিনের বিপক্ষে ২৬ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটসম্যানের স্বচ্ছন্দ ব্যাটিং দেখে লেম্যান নিশ্চয়ই খুশি! সে ইনিংসের শেষ ৫৫ রান এসেছে ৩২ বলে। ভিক্টোরিয়ার এই ব্যাটসম্যান জানিয়েছেন, গত মার্চে ভারত সফরের ব্যর্থতা কাটিয়ে উঠতে চান বাংলাদেশ সফরে। নিয়মিত উইকেটকিপার ম্যাথু ওয়েডের কোনো সমস্যা হলে বিকল্প হিসেবে দেখা যেতে পারে তাঁকে।
জশ হ্যাজলউড
অস্ট্রেলিয়ার পেস আক্রমণের অন্যতম ভরসা। ডারউইনে নিজের ধার দেখিয়েছেন ভালোভাবেই। স্টাম্পে বোলিং করে ব্যাটসম্যানকে বিপাকে ফেলেছেন। উইকেট পেয়েছেন তিনটি। দারুণ ইকোনমি রেট আর বাউন্সারে ওয়ার্নারকে কাবু করা—বাংলাদেশকে বড় বার্তাই দিয়ে রেখেছেন অস্ট্রেলীয় পেসার।
উসমান খাজা
ব্যাটিং অনুশীলন খুব একটা ভালো হয়নি খাজার। প্রথম ইনিংসে ৭ রান করেছেন। গত ভারত সফরে শন মার্শের কাছে জায়গা হারানো এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যানের ঘরের মাঠে অসাধারণ এক মৌসুম (২০১৬-১৭) গেছে। বাংলাদেশের বিপক্ষে তিনি হারানো জায়গাটা ফিরে পান কি না, সেটাই দেখার।
নাথান লায়ান
অস্ট্রেলিয়ার স্পিন আক্রমণের মূল ভরসা তিনি। ডারউইনে দুই ইনিংসে দুর্দান্ত বোলিং করেছেন। ২৩ ওভারে ৫৩ রান দিয়ে ম্যাচে পেয়েছেন ৪ উইকেট। অস্ট্রেলিয়ার দ্বিতীয় সেরা স্পিনার রিচি বেনোকে (২৪৮ উইকেট) ছাড়িয়ে যাওয়ার সুযোগ লায়নের (২৪৭ উইকেট) সামনে। গত ভারত সফরে তাঁর যে পারফরম্যান্স নিশ্চিত স্মিথ এবারও হয়তো স্পিন বিভাগ সামলানোর দায়িত্ব দিতে পারেন লায়নকে।
গ্লেন ম্যাক্সওয়েল
প্রথম ইনিংসে ধৈর্যের প্রতিমূর্তি হয়ে ৪৫ রান করা, কামিন্সকে ভালোভাবে সামলানো, স্পিনারদের বিপক্ষে রান তোলা—ম্যাক্সওয়েল যে এখন অনেক পরিণত, তার চেয়ে গুরুত্বপূর্ণ, বড় দৈর্ঘ্যের ক্রিকেটের মেজাজটা ধরতে পেরেছেন, সেটি বোঝা গেছে ডারউইনে। রিভার্স সুইপ করতে গিয়ে আউট হওয়ার আগে দ্বিতীয় ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ ৩১ করেছেন। গত মার্চে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট সেঞ্চুরি পাওয়া ম্যাক্সওয়েল নিশ্চয়ই বাংলাদেশের বিপক্ষেও তিন অঙ্ক ছোঁয়ার অপেক্ষায়।
ম্যাট রেনশ
প্রথম ইনিংসে করেছেন ৬ (২৫ বলে), দ্বিতীয় ইনিংসে ২১ (৪২)। দুবারই তাঁর উইকেট পেয়েছেন লায়ন। ইনিংস লম্বা না করতে পারার ব্যর্থতা তাঁকে হয়তো ভাবাচ্ছে। গত ভারত সফরে দুটি ফিফটি পেলেও তিন অঙ্ক ছুঁতে পারেননি একবারও। রেনশ বাংলাদেশ সফরে নিশ্চয়ই ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতে চাইবেন।
মিচেল সুয়েপসন
কুইন্সল্যান্ডের এই লেগি দলে জায়গা পেয়েছেন শেষ মুহূর্তে। স্টার্কের জায়গায় তাঁকে নেওয়া বাংলাদেশের কন্ডিশনের বিবেচনা করেই। ডারউইনে যদিও ভালো করতে পারেননি। প্রথম ইনিংসে ১৩ ওভারে ৯৪ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। দ্বিতীয় ইনিংসে কিছুটা ভালো বোলিং করেছেন, ১০ ওভারে দিয়েছেন ৩৪ রান। তবে উইকেট পাননি একটিও।
ম্যাথু ওয়েড
উইকেটের পেছনে তাঁকে দুর্দান্তই দেখা গেছে। ব্যাটিংটা অবশ্য ভালো হয়নি। করেছেন ১৪ ও ৪ রান। তবে অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটসম্যান আত্মবিশ্বাস খুঁজে নিচ্ছেন ফেব্রুয়ারি-মার্চের ভারত সফর থেকে। সাতে নেমে কিছু লড়াকু ইনিংস খেলেছিলেন ওয়েড। দলের সঙ্গে নতুন যোগ হওয়া ফিল্ডিং কোচ ব্র্যাড হাডিনের সঙ্গে ডারউইনে নিবিড়ভাবে কাজ করেছেন তিনি। যেটি তাঁকে কাজে দিতে পারে বাংলাদেশ সফরে।