অস্ট্রেলিয়ার ভাবনায় রাঁচির উইকেটও
রাঁচি টেস্টটা কীভাবে যেন তিনের চক্করে পড়ে গেল। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট শুরু হতে এখনো তিন দিন বাকি, এর মধ্যেই তিন-তিনটা উইকেট তৈরি করে রেখেছেন মাঠের কিউরেটর। উইকেটের আচরণবর্ণনায়ও তিনটি বৈশিষ্ট্য শোনালেন কিউরেটর এসবি সিং, ‘এই উইকেট ব্যাটসম্যানদের জন্য, এটা বোলারদের জন্য এবং উইকেটটা পাঁচ দিনই টিকে থাকবে!’
শেষ কথাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সিরিজের প্রথম টেস্টে কোনো বল গড়ানোর আগেই পুনের উইকেট দেখে শেন ওয়ার্ন বলেছিলেন এটা আসলে অষ্টম দিনের পিচ! বেঙ্গালুরুতে অমন কিছু শোনা না গেলেও, বল মাঝেমধ্যেই এমন আচরণ করেছে যে, পুনের উইকেটও ‘স্বাভাবিক’ মনে হচ্ছিল। তাই রাঁচি টেস্ট শুরু হওয়ার আগেই সবার আগ্রহ উইকেট নিয়ে। ভেন্যুটা রাঁচি বলেই আগ্রহটা বেড়েছে আরেকটু। এ ম্যাচ দিয়েই যে ক্রিকেটের অভিজাত সংস্করণে অভিষেক হচ্ছে রাঁচির।
শেষ পর্যন্ত কোন উইকেটে খেলা হবে, সে সিদ্ধান্ত নেবে বোর্ডের পিচ কমিটি। তিন ধরনের উইকেট বানিয়ে অস্ট্রেলিয়ার মাথাব্যথা বাড়িয়ে দিচ্ছেন আয়োজকেরা। এমনিতেই মাথা চুলকানোর অনেক কারণ আছে সফরকারীদের। চোট পেয়ে দুই মিচেল—স্টার্ক ও মার্শ দেশে ফিরেছেন। স্টার্কের বদলে আরেক ‘স্পিডস্টার’ প্যাট কামিন্সকে ডেকে আনা হয়েছে। কিন্তু ব্যাটিং লাইনআপে মার্শের বদলি খুঁজে নিতে গলদঘর্ম সফরকারীরা।
পুনের মতো উইকেট হলে ভাগ্য ফিরবে স্পিনিং অলরাউন্ডার অ্যাশটন আগারের, মিচেলের সরাসরি বদলি হিসেবে আসা মার্কাস স্টয়নিসেরও আছে ভালো সুযোগ। আর যদি ব্যাটিংটা আরেকটু লম্বা করতে চায় অস্ট্রেলিয়া, সে ক্ষেত্রে গ্লেন ম্যাক্সওয়েল কিংবা উসমান খাজাকে দেখা যেতে পারে রাঁচিতে। কিন্তু সবকিছুই নির্ভর করছে ওই ৩ উইকেটের কোনটি পছন্দ হয় ভারতের।
অস্ট্রেলিয়ার দুশ্চিন্তা ঘুরে দাঁড়ানো ভারতকে নিয়েও। দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের আগ্রাসী মনোভাবটাই যেমন অস্ট্রেলিয়ার হারের অন্যতম কারণ বলে মনে করেন ম্যাথু ওয়েড। রাঁচি টেস্ট সামনে রেখে তাই বেশ সতর্ক অস্ট্রেলিয়ান উইকেটকিপার-ব্যাটসম্যান, ‘ওরা সব সময়ই আক্রমণাত্মক। তবে প্রথম টেস্ট ও দ্বিতীয় টেস্টে ওদের শরীরী ভাষার পার্থক্য ছিল চমকানোর মতো। রাঁচিতে ওরা আরও তাতিয়ে থাকবে। আমাদেরও তাই ভালো খেলতে হবে, আবেগ টেস্ট জেতায় না।’ ক্রিকেট অস্ট্রেলিয়া।