অস্ট্রেলিয়ার যে দুই রেকর্ডে চোখ ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরাট কোহলির অধিনায়কত্বে রীতিমতো সুসময় চলছে ভারতীয় ক্রিকেটে। তাঁর সময় রূপকথার কাহিনির মতোই জয়ী দল তারা। কোহলির অধীনে এখনো পর্যন্ত কোনো টেস্ট সিরিজ হারেনি ভারত! ২০১৫ সালে শ্রীলঙ্কার মাটিতে ২২ বছর পর সিরিজ জয় দিয়ে শুরু, সেই যাত্রা এখন ‘অজেয়’ যাত্রায় পরিণত সেই শ্রীলঙ্কাতেই। দুই বছর আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় থেকে শুরু করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফেব্রুয়ারি-মার্চের বোর্ডার-গাভাস্কার ট্রফি—টানা ৭ সিরিজ জেতা হয়ে গেছে তাদের। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকায় এই সংখ্যা আট-এ ওঠাটাও নিশ্চিতই।

কোহলিরা এখন নম্বর ওয়ান। ফাইল ছবি।
কোহলিরা এখন নম্বর ওয়ান। ফাইল ছবি।

একটানা সবচেয়ে বেশি টেস্ট সিরিজ জয়ের রেকর্ডটা অবশ্য যৌথভাবে দখলে আছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের। ১৮৮৪ থেকে ১৮৯০ পর্যন্ত টানা ৯ সিরিজ জিতেছিল ইংলিশরা। আর রিকি পন্টিংয়ের নেতৃত্বে অস্ট্রেলিয়া ২০০৫-০৬ থেকে ২০০৮ পর্যন্ত ৯ সিরিজ জিতে চিরপ্রতিদ্বন্দ্বী ইংলিশদের পাশে বসেছিল।
অধিনায়ক হিসেবে কোহলি এরই মধ্যে ছাড়িয়ে গেছেন দুই কিংবদন্তি ক্লাইভ লয়েড আর স্টিভ ওয়াহকে। ২০০১-০২ থেকে ২০০৩-০৪ পর্যন্ত ৭টি সিরিজ জিতেছিলেন স্টিভ। ম্যাথু হেইডেন, জাস্টিন ল্যাঙ্গার, মার্ক ওয়াহ, শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রার সেই অস্ট্রেলীয় দলকে অনেকেই ইতিহাসের সেরা মানেন। ১৯৮২ থেকে ১৯৮৬ পর্যন্ত ৭টি সিরিজ জেতা লয়েডের ওয়েস্ট ইন্ডিজ দলও তো কোনো অংশে কম ছিল না। গর্ডন গ্রিনিজ, ডায়মন্ড হেইন্স, স্যার ভিভ রিচার্ডস, ম্যালকম মার্শাল, জোয়েল গার্নার, অ্যান্ডি রবার্টসদের নিয়ে ক্যারিবীয় দল সে সময় রাজত্ব করছিল ক্রিকেট দুনিয়ায়।

লয়েডের ওয়েস্ট ইন্ডিজ। ফাইল ছবি
লয়েডের ওয়েস্ট ইন্ডিজ। ফাইল ছবি

আরও একটি রেকর্ডে ভাগ বসাতে যাচ্ছে ভারত। টেস্টে সবচেয়ে বেশি ৬০০ রানের ইনিংস আছে অস্ট্রেলিয়ার—৩২টি। ভারতের ৬০০ রানের ইনিংস হয়ে গেছে ২৯টি। অস্ট্রেলিয়ার ৫০ বছর পর টেস্ট খেলা শুরু করা ভারতের সামনে এখন সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি ৬০০ করার রেকর্ডটি নিজের করে নেওয়ার হাতছানি।
কোচ রবি শাস্ত্রী খুব করেই চান এই রেকর্ডটি যেন তাঁর অধীনেই হয়, ‘অবশ্যই ভারত অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে যেতে পারে। আমি নিশ্চিত, এই দল সেই রেকর্ড অর্জন করবে। কবে করবে, সেটা আমি জানি না। তবে আমি খুবই খুশি হব, যদি এই রেকর্ডটি আমার অধীনেই হয়।’
পূজারা, কোহলি, রাহানে, ধাওয়ানদের নিয়ে ভারতের যে ব্যাটিং লাইনআপ, তাতে এই রেকর্ড নিজেদের করে নিতে খুব বেশি সময় লাগবে না।

টেস্ট শ্রেষ্ঠত্বের পর স্টিভের অস্ট্রেলিয়া। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া
টেস্ট শ্রেষ্ঠত্বের পর স্টিভের অস্ট্রেলিয়া। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া