অস্ট্রেলিয়ার লিডে মেজাজ হারালেন কোহলি
>

পার্থ টেস্টে আজ চতুর্থ দিনে লিড দুই শ রানের ওপাশে নিয়ে গেছে অস্ট্রেলিয়া। চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ে নেমে এই রান তাড়া করা কঠিন হবে ভারতের জন্য
পার্থে কাল দ্বিতীয় ইনিংসে ৪৮ ওভার ব্যাটিং করতেই ১৩২ রানে ৪ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। অধিনায়ক টিম পেইনের নিশ্চয়ই আক্ষেপ হয়েছে। টপ অর্ডার উইকেট না দিলে দল আরও শক্ত অবস্থানে থাকত। সেই আক্ষেপ আজ টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশন শেষে উবে যাওয়ার কথা। প্রথম সেশনে ৩০ ওভারে ৫৮ রান তুলেছে অস্ট্রেলিয়া। স্বাগতিকদের জন্য বড় স্বস্তি, প্রথম সেশনে তারা কোনো উইকেট হারায়নি।
কাল অপরাজিত থাকা টিম পেইন ও উসমান খাজা দলের লিড দুই শর ওপাশে নিয়ে যান। মধ্যাহ্ন বিরতি শেষে খেলা শুরুর পর এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৭ উইকেটে ১৯৮। স্কোরবোর্ডে এর মধ্যেই জমা পড়েছে ২৩৫ রানের লিড। দ্বিতীয় সেশনে প্রথম ওভারের শেষ দুই বলে পেইন (৩৭) ও অ্যারন ফিঞ্চকে (২৫) তুলে নিয়ে অস্ট্রেলিয়ান ব্যাটিং অর্ডারের লেজ অবশ্য টেনে বের করেছেন মোহাম্মদ শামি। উসমান খাজাকে উইকেটরক্ষক পন্তের সহায়তায় ফিরিয়ে আরও একটি ৫ উইকেট–কীর্তি গড়েছেন শামি। খাজা আউট হয়েছেন ৭১ রানে।
অস্ট্রেলিয়া এরই মধ্যে যে লিড পেয়েছে, তা নিয়েই ভারতীয় অধিনায়কের দুশ্চিন্তা হওয়ার কথা। টেস্টে গত পাঁচ বছরে দুই শর বেশি রান তাড়া করতে নেমে ভারত যে কখনো জিততে পারেনি। এ সময়ে ১২ বার এমন চ্যালেঞ্জের মুখে পড়ে ৮ বারই হেরেছে ভারত। ড্র করতে পেরেছে ৪ ম্যাচ। শুধু তা–ই নয়, ২০১৪ সালের শুরু থেকে এ সময় পর্যন্ত চতুর্থ ইনিংসে দুই শর বেশি রান তাড়া করে জয়ের নজিরই রয়েছে সর্বসাকল্যে ছয়টি।
সকালের সেশনে চার পেসারের সঙ্গে হনুমা বিহারির স্পিন দিয়েও উইকেট ফেলার চেষ্টা করেছেন কোহলি। কিন্তু উসমান খাজা ও পেইনের দৃঢ়তার সামনে কোহলির কৌশল মার খেয়ে যায়। মাঠে একবার মেজাজও হারিয়েছেন ভারতীয় অধিনায়ক। অস্ট্রেলিয়া অধিনায়ক পেইনের সঙ্গে জড়িয়েছেন বাগ্যুদ্ধে। আম্পায়ারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হতে অবশ্য খুব বেশি সময় লাগেনি। ১৯৭ বলে ৬৮ রানে অপরাজিত রয়েছেন খাজা। তাঁর সঙ্গে উইকেটে রয়েছেন প্যাট কামিন্স (০*)।