অস্ট্রেলিয়ার শ্রীরাম-শরণ
প্রতিপক্ষ বাংলাদেশ। আর খেলাটা যেহেতু উপমহাদেশের মাটিতে, স্পিন নিয়ে অস্ট্রেলিয়ানদের বাড়তি দুশ্চিন্তা তো থাকবেই। সেটা কাটাতেই এবার সাবেক ভারতীয় অলরাউন্ডার শ্রীধরন শ্রীরামের শরণাপন্ন স্টিভেন স্মিথের দল। খেলোয়াড়ি জীবনে ব্যাটিংটাই ছিল শ্রীরামের বড় শক্তির জায়গা। তবে অস্ট্রেলিয়া মূলত ৩৯ বছর বয়সী সাবেক এই ভারতীয় অলরাউন্ডারের বাঁহাতি স্পিনের অভিজ্ঞতাই কাজে লাগাতে চাইছে। অস্ট্রেলিয়ার স্পিন পরামর্শক হিসেবে আপাতত শুধু বাংলাদেশ সফরের প্রস্তুতিতেই সাহায্য করবেন শ্রীরাম।
নিজেদের কন্ডিশনে দুর্বার অস্ট্রেলিয়া উপমহাদেশের স্পিনিং কন্ডিশনে প্রায়ই ভোগান্তিতে পড়ে। ২০১০ ও ২০১৩ সালে তারা ধবলধোলাই হয়েছে ভারতের মাটিতে, গত বছর আরব আমিরাতে ধবলধোলাই হয়েছে পাকিস্তানের কাছে। সব মিলিয়ে এশিয়ায় সর্বশেষ পাঁচটি সিরিজের চারটিতেই হেরেছে।
২০০০ থেকে ২০০৪ সালের মধ্যে ভারতের হয়ে ৮টি ওয়ানডে খেলা শ্রীরাম কিছুদিন আগে ভারতে খেলে যাওয়া অস্ট্রেলিয়া ‘এ’ দলের স্পিন পরামর্শক হিসেবেও কাজ করেছেন। এবার জাতীয় দলের পরামর্শক হওয়াটাকে নিজের কোচিং ক্যারিয়ারের জন্যও গুরুত্বপূর্ণ মনে করছেন শ্রীরাম, ‘অস্ট্রেলিয়ার টেস্ট দলের সঙ্গে কাজ করতে পারা দারুণ সম্মানের। আমি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের স্পিনের বিপক্ষে ভালো খেলোয়াড় হয়ে উঠতে এবং ওদের স্পিনারদের বিভিন্ন কন্ডিশনে মানিয়ে নিতে ও প্রতিপক্ষ ব্যাটসম্যানদের বুঝতে সাহায্য করতে চাই।’
‘এ’ দলের হয়ে কিছুদিন আগে ভারত সফর করে গেছেন বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দলে থাকা ক্যামেরন ব্যানক্রফট, জো বার্নস ও উসমান খাজা। ওই সফরেই এক ম্যাচে ১৫০ রান করা ব্যানক্রফটও উচ্ছ্বসিত আবার শ্রীরামকে পরামর্শক হিসেবে পেয়ে, ‘তিনি দারুণ। রক্ষণাত্মক খেলায় স্বচ্ছন্দ হতে এবং স্পিনের বিপক্ষে খেলতে আমাদের অনেক সাহায্য করেছেন।’ রয়টার্স।