
আসল বিশ্বকাপ শুরু হচ্ছে আজ থেকেই। ভারত তাদের প্রতিবেশী বাংলাদেশের মুখোমুখি, বর্তমান চ্যাম্পিয়নরা নিরঙ্কুশ ফেবারিট সন্দেহ নেই। বাংলাদেশ ইংল্যান্ডের সঙ্গে জয় ও নিউজিল্যান্ডের সঙ্গে লড়াকু পারফরম্যান্স থেকে অনেক আত্মবিশ্বাস পাবে। তাদের টপ অর্ডার বেশ ভালো খেলছে, পেস বোলিংও ঝলক দেখাচ্ছে। কিন্তু ভারত একটু বেশিই শক্তিশালী, ব্যবধান গড়ে দেওয়ার মতো খেলোয়াড় তাদের অনেক। আমি জানি, অস্ট্রেলিয়ানরা আন্ডারডগদের পছন্দ করে। বাংলাদেশকে তারা শেষ পর্যন্ত সমর্থন দিয়ে যাবে। কিন্তু কতজন অস্ট্রেলিয়ান এমসিজিতে থাকবে সেটা একটা প্রশ্ন। ভারতীয়রা বোধ হয় কাউকে খুব একটা সুযোগ দেবে না!
প্রথম ম্যাচটা রোমাঞ্চের হাতছানি দিচ্ছে। দক্ষিণ আফ্রিকা একটা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়েই গেছে, কিন্তু সেটাকে নেতিবাচকভাবে দেখার দরকার নেই তাদের। দুটি পরাজয় থেকে তারা অনেক কিছুই শিখেছে, আমার তো মনে হচ্ছে খারাপ দিনগুলো পার করতে পেরে তারা কিছুটা হলেও নির্ভার। সাধারণত তারা নকআউট পর্বের আগেই নিজেদের সেরাটা দিয়ে দেয়, এরপর হঠাৎ করে তারা খেই হারিয়ে বসে। তাদের বেশ কয়েকজন ম্যাচ উইনার আছে। এবি ডি ভিলিয়ার্স তো এই সময়ের সবচেয়ে বিস্ফোরক ব্যাটসম্যান। হেরে যাওয়ার ভয়টাই তাদের সর্বনাশ করছে। এটা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারলে তারা অনেক দূর যেতে পারে।
গত কয়েক দশকে বিশ্বকাপে শ্রীলঙ্কা বেশ আলো ছড়িয়েছে। কুমার সাঙ্গাকারা একজন আদ্যন্ত পেশাদার, প্রত্যেক অধিনায়ক নিজের দলে এ রকম কাউকে চায়। তার টানা পঞ্চম সেঞ্চুরি পাওয়ার লক্ষ্য না থেকেই পারে না। দলকে সে টানা তৃতীয় বিশ্বকাপ ফাইনালেও নিয়ে যেতে পারে। তার পরও আমার মনে হয় দক্ষিণ আফ্রিকার ভাগ্যটা এবার পয়মন্ত হবে। দলের শক্তি ও সামর্থ্য মিলে এবার ওদেরই পরের পর্বে যাওয়া উচিত।
দুই স্বাগতিকই পাচ্ছে কাছাকাছি দুটি দল পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ পাকিস্তান। বল হাতে পাকিস্তান খুবই ভালো করছে, ওদের বোলাররা ছন্দে আছে। নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচের ধাক্কা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা কাটিয়ে উঠেছে বলেই মনে হচ্ছে। তবে পাকিস্তান অস্ট্রেলিয়ার বোলিংটা কীভাবে সামলায় সেটাই দেখার বিষয়। মিচেল স্টার্কসহ বাকিদের ঠেকানো কঠিন হবে। পাকিস্তান আগে ব্যাট করে ভালো রান করতে পারলে ওদের ভালো সম্ভাবনা আছে। কিন্তু সত্যি বলতে কি আমি সে রকম কোনো সুযোগ দেখতে পাচ্ছি না।
কিন্তু অঘটন ঘটার সবচেয়ে বেশি সম্ভাবনা আছে নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে। পাকিস্তানের মতো ক্যারিবিয়ান বোলিংও টুর্নামেন্টজুড়ে বেশ ভালো করছে। সেই সঙ্গে ক্রিস গেইল জ্বলে উঠতে পারলে ‘ব্ল্যাক ক্যাপ’দের উদ্বেগের কারণ আছে। মানছি, পরাজয় নিউজিল্যান্ডের প্রাপ্য নয়, নিজেদের মাঠেও তাদের হারানো কঠিন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ যখন প্রতিপক্ষ, অঘটনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। (গেম প্ল্যান)