অস্ট্রেলিয়ার সামনে খর্বশক্তির পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সর্বশেষ টেস্ট সিরিজ জয়ের ২০ বছর হতে চলল। এই বন্ধ্যত্ব ঘোচাতে সবচেয়ে মোক্ষম অস্ত্রটিও নেই পাকিস্তানের তূণে—নিষেধাজ্ঞার বেড়াজালে বন্দী সাঈদ আজমল। স্পিন আক্রমণে তাই পাকিস্তানকে ভরসা করতে হচ্ছে এখনো টেস্ট অভিষেক না হওয়া ইয়াসির শাহ ও মাত্র দুই টেস্টের অভিজ্ঞতাসম্পন্ন জুলফিকার বাবরের ওপর। চোটের জন্য দলে নেই দুই পেসার জুনায়েদ খান ও ওয়াহাব রিয়াজ। এমন খর্বশক্তির দল নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন তো পর্বতসমান চ্যালেঞ্জই!
অস্ট্রেলিয়ার জন্যও এই সিরিজটি কম চ্যালেঞ্জিং কি? উপমহাদেশের মাটিতে অস্ট্রেলিয়া শেষবার খেলতে এসে ভারতের কাছে ৪-০ ব্যবধানে নাস্তানাবুদ হয়েছিল। যদিও এরপর অ্যাশেজ জেতা হয়েছে, দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারানো হয়েছে, তবু সেই ব্যর্থতার দাগ শুকানোর কথা নয়। জয়গুলো যে এসেছে অস্ট্রেলিয়ার চেনা কন্ডিশনে! কিন্তু দুবাইয়ে আজ থেকে শুরু প্রথম টেস্টে চেনা কন্ডিশনের এই সুবিধাটা অস্ট্রেলিয়া নয়, পাবে পাকিস্তানই। অস্ট্রেলিয়ার জন্য এই তথ্যটিও অস্বস্তিকর হতে পারে—২০০৯ সালে নিজের দেশে আন্তর্জাতিক ক্রিকেট ‘নির্বাসিত’ হওয়ার পর এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে একটি টেস্ট সিরিজও হারেনি পাকিস্তান! আবার একমাত্র টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে উড়িয়ে দেওয়া অস্ট্রেলিয়ার সামনে আছে একটি হাতছানিও। পাকিস্তানের সঙ্গে ২-০-তে সিরিজ জয় অস্ট্রেলিয়াকে পৌঁছে দেবে টেস্ট র্যাঙ্কিংয়ের ১ নম্বরে। এএফপি।