জয় দেখছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিড ওয়ার্নারকে ফেরালেন রবিচন্দ্রন অশ্বিন। ছবি: রয়টার্স
ডেভিড ওয়ার্নারকে ফেরালেন রবিচন্দ্রন অশ্বিন। ছবি: রয়টার্স

১৮৮ রানের লক্ষ্যটা যে কত কঠিন, হাড়ে হাড়ে টের পাচ্ছে অস্ট্রেলিয়া। বেঙ্গালুরুর উইকেট এই লক্ষ্যটাকেই বসিয়ে দিয়েছে পাহাড়চূড়ায়। ১১০ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে বসেছে স্টিভ স্মিথের দল। জয়ের জন্য এখনো ৭৮ রান দরকার। ব্যাটসম্যানদের মধ্যে টিকে আছেন কেবল পিটার হ্যান্ডসকম্ব। অন্য প্রান্তে ওকিফ।

২২ রান তুলতেই ফিরে যান ম্যাট রেনশ। এরপর ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, শন ও মিচেল মার্শরা ফিরেছেন নিয়মিত বিরতিতেই। ভিত্তি গড়েও বড় হয়নি একটি জুটিও। অশ্বিনকে নিয়ে শঙ্কা ছিল অস্ট্রেলিয়ার। তাঁর নামের পাশে ৪ উইকেট। বাকি ৩ উইকেট নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন দুই পেসার উমেশ যাদব ও ইশান্ত শর্মা। যাদবের দারুণ বোলিংয়ে এলবিডব্লু হয়ে ফিরেছেন স্মিথ ও শন মার্শ। ইশান্ত ফিরিয়েছেন রেনশকে। অশ্বিন নিয়েছেন ওয়ার্নার, মিচেল মার্শ ও ম্যাথু ওয়েড ও মিচেল স্টার্কের উইকেট।
এর আগে, চতুর্থ দিন সকালে ২৭৬ রানে শেষ হয় ভারতের দ্বিতীয় ইনিংস। ৪ উইকেটে ২১৪ রান নিয়ে দিন শুরু করে ভারতের শেষ ৫ উইকেট পড়ে যায় মাত্র ৬১ রানেই। ভারতের ইনিংস দাঁড়িয়ে আছে চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানের ১১৮ রানের জুটির ওপর। পঞ্চম উইকেটে এই দুই ব্যাটসম্যানই বেঙ্গালুরু টেস্ট কঠিন করে তোলেন অস্ট্রেলিয়ার জন্য।
পূজারা ৮ রানের জন্য দারুণ এক সেঞ্চুরি থেকে বঞ্চিত হয়েছেন। ২২১ বলে, ৭ চারে ৯২ রান করে জশ হ্যাজলউডের বলে মিচেল মার্শকে ক্যাচ দিয়ে ফিরেছেন। রাহানে আউট হয়েছেন ৫২ রানে মিচেল স্টার্কের এলবিডব্লু হয়ে।
পূজারা-রাহানে ফেরার পরই বড় ধস ভারতের ইনিংসে। ২০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে মুহূর্তেই তাদের স্কোর হয়ে যায় ৯ উইকেটে ২৫৮। এতেই লিডটাকে ২০০ ছাড়িয়ে নিতে ব্যর্থ তারা।
হ্যাজলউড আগুন ঝরিয়েছেন ভারতের দ্বিতীয় ইনিংসে। ৬৭ রানে তুলে নিয়েছেন ৬ উইকেট। স্টার্ক পেয়েছেন ২ উইকেট।
ঋদ্ধিমান সাহার ২০ রান খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। দলের বিপর্যয়ের মধ্যে এই উইকেটকিপার-ব্যাটসম্যানের ছোট্ট ইনিংসটি ভারতের ১৮৭ রানের লিডে রাখছে বড় ভূমিকা। সূত্র: স্টারস্পোর্টস।