অস্ট্রেলিয়ার সিরিজ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারুণ এক সেঞ্চুরি করে ডেভিড ওয়ার্নার ‘ওয়ার্নিং’ দিয়ে রেখেছিলেন। তাঁর ও অধিনায়ক স্টিভেন স্মিথের গড়া ভিতের ওপর দাঁড়িয়ে ইনিংসের শেষে ব্যাটে ঝড় তুললেন ট্রাভিস হেড ও মিচেল মার্শ। ফল, কাল ক্যানবেরায় নিজেদের ওয়ানডে ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ৩৭৮ রান তুলে ফেলল অস্ট্রেলিয়া। এরপর নিউজিল্যান্ডকে ২৬২ রানে অলআউট করে এক ম্যাচ হাতে রেখেই চ্যাপেল-হ্যাডলি সিরিজ পুনরুদ্ধার করল অস্ট্রেলিয়া।
শেষ ১০ ওভারে ১২৬ রান তুলেছে অস্ট্রেলিয়া। ৩২ বলে ৫৭ রান করেছেন হেড। ৪০ বলে সাত ছক্কায় ৭৬ রানে অপরাজিত মার্শ। সাত ছক্কার তিনটিই মার্শ মেরেছেন শেষ ওভারে ম্যাট হেনরির টানা তিন বলে।
প্রথম ওভারে মাত্র ২ রান। ইনিংসের শুরুতে শান্তই ছিল অস্ট্রেলীয়রা। অ্যারন ফিঞ্চের সঙ্গে ৬৮ রানের ওপেনিং জুটির পর ওয়ার্নার দ্বিতীয় উইকেটে অধিনায়ককে নিয়ে যোগ করলেন ১৪৫ রান। ১১৫ বলে ১৪ চার ও ১ ছয়ে ১১৯ রান করেছেন এ বছর ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি পাওয়া ওয়ার্নার। ৭২ রান স্মিথের। নিউজিল্যান্ডের ইনিংসে মার্টিন গাপটিল (৪৫), কেন উইলিয়ামসন (৮১) ও জিমি নিশামই (৭৪) যা একটু লড়েছেন। শেষ ওয়ানডে আগামী পরশু মেলবোর্নে। স্টার স্পোর্টস, ক্রিকইনফো।