অস্ট্রেলিয়ার সেরা ওয়ার্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা দ্বিতীয়বার অ্যালান বোর্ডার পদক জিতলেন ডেভিড ওয়ার্নার। ব্যক্তিগত অর্জনের রাতে অস্ট্রেলীয় ওপেনারের সঙ্গী স্ত্রী ক্যান্ডিস l ক্রিকেট অস্ট্রেলিয়া
টানা দ্বিতীয়বার অ্যালান বোর্ডার পদক জিতলেন ডেভিড ওয়ার্নার। ব্যক্তিগত অর্জনের রাতে অস্ট্রেলীয় ওপেনারের সঙ্গী স্ত্রী ক্যান্ডিস l ক্রিকেট অস্ট্রেলিয়া

সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতাটা ছিল স্টিভেন স্মিথ আর মিচেল স্টার্কের সঙ্গে। তবে শেষ পর্যন্ত সতীর্থ, সাংবাদিক ও আম্পায়ারদের ভোটে এগিয়ে থাকলেন ডেভিড ওয়ার্নারই। বছরজুড়ে দুর্দান্ত সাফল্যের স্বীকৃতি হিসেবেই পেয়ে গেলেন অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার অ্যালান বোর্ডার পদক। অস্ট্রেলিয়ার বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারও হয়েছেন ৩০ বছর বয়সী ওপেনার।

এ নিয়ে টানা দ্বিতীয়বার অস্ট্রেলীয় ক্রিকেটের সবচেয়ে অভিজাত ব্যক্তিগত এই পুরস্কার জিতলেন ওয়ার্নার। বিবেচ্য সময়ে (৭ জানুয়ারি ২০১৬ থেকে ৭ জানুয়ারি ২০১৭ পর্যন্ত) তিন ধরনের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ৪৬.৫৩ গড়ে ২৪২০ রান করেছেন ওয়ার্নার। তাঁর চেয়ে এক ম্যাচ বেশি খেলে স্টিভেন স্মিথ ৫২.৯৫ গড়ে করেছেন ২৪৮৯ রান। তবে এ সময়টায় ওয়ার্নার অবিশ্বাস্য ছিলেন ওয়ানডেতে। ৭টি সেঞ্চুরি আর ৪টি হাফ সেঞ্চুরি মিলিয়ে ৬৩.০৯ গড়ে ১৩৮৮ রান, স্ট্রাইক রেট ১০৫.৪৭। বিচারকদের কাছ থেকে মোট ২৬৯ ভোট পেয়েছেন ওয়ার্নার, ২৪৮ ভোট স্মিথের। স্টার্ক পেয়েছেন ১৯৭ ভোট।

বর্ষসেরা ক্রিকেটার হতে না পারলেও স্টার্কই হয়েছেন বর্ষসেরা টেস্ট ক্রিকেটার। বিবেচ্য সময়ে মাত্র ৯ টেস্ট খেলে ২৪.২৮ গড়ে ৫২ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ান এ পেসার। শেন ওয়াটসন জিতেছেন বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার। ক্রিকেট অস্ট্রেলিয়া। 

অস্ট্রেলিয়ার সেরারা

অ্যালান বোর্ডার মেডেল

(বর্ষসেরা ক্রিকেটার)

ডেভিড ওয়ার্নার

বর্ষসেরা নারী ক্রিকেটার

মেগ ল্যানিং

বর্ষসেরা টেস্ট খেলোয়াড়

মিচেল স্টার্ক

বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়

ডেভিড ওয়ার্নার

বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড়

শেন ওয়াটসন