অস্ট্রেলিয়ার সেরা স্মিথ

অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হলেন তিনি। সেরা ওয়ানডে ক্রিকেটারও। এরপর আর কোনো সন্দেহই রইল না যে বর্ষসেরার পুরস্কারটাও স্টিভেন স্মিথের হাতে উঠছে। হলোও তা-ই। ডেভিড ওয়ার্নার আর মিচেল জনসনকে পেছনে ফেলে অস্ট্রেলিয়ান ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত স্বীকৃতি অ্যালান বোর্ডার পদক পেলেন স্মিথ। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তাঁর প্রাপ্ত ভোট ২৪৩, ভোট দিয়েছেন সহ-খেলোয়াড়, আম্পায়ার ও সাংবাদিকেরা। ১৭৫ ও ১২৬ ভোট পেয়েছেন ওয়ার্নার ও জনসন।
স্মিথের দিনে পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল আর শন অ্যাবটও। টি-টোয়েন্টির বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন ম্যাক্সওয়েল। ফিল হিউজের মর্মান্তিক মৃত্যুতে সবচেয়ে বড় মানসিক ধাক্কাটা পেয়েছিলেন নিউ সাউথ ওয়েলস পেসার অ্যাবট। গত নভেম্বরে তাঁর বলে চোট পেয়েই মর্মান্তিক মৃত্যু ঘটে হিউজের। সেই ধাক্কা সামলে আবার ক্রিকেটে ফেরার সাহস দেখানো অ্যাবট পেয়েছেন বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার ব্র্যাডম্যান ট্রফি।
তবে কাল সিডনির ঝলমলে রাতে শেষ পর্যন্ত পুরো আলোটা থাকল স্মিথের ওপর। ২০০৫ সালে ২৩ বছর বয়সে বোর্ডার পদক জিতেছিলেন মাইকেল ক্লার্ক। তারপর সর্বকনিষ্ঠ হিসেবে পদকটি জিতলেন ২৫ বছর বয়সী স্মিথ। ২০০৭ সালে রিকি পন্টিং ও ২০১১ সালে শেন ওয়াটসনের পর এই প্রথম কেউ একই বছরে অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট ক্রিকেটার, ওয়ানডে ক্রিকেটার পুরস্কারের সঙ্গে পেলেন বোর্ডার পদক। গত বছর টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ২২ ম্যাচে ৬৫ গড়ে ১৬৯০ রান করা স্মিথ পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত, ‘সর্বশেষ ১২ থেকে ১৮ মাস আমি খুবই উপভোগ করেছি। সবচেয়ে বেশি মনে পড়ছে বিশ্বের ১ নম্বর টেস্ট দল দক্ষিণ আফ্রিকাকে ওদের মাঠে হারানোর কথা।’ সতীর্থের প্রশংসায় পঞ্চমুখ দুবার বোর্ডার পদক জেতা শেন ওয়াটসনও, ‘সে যেভাবে খেলছে আর নিজেকে সামলাচ্ছে সেটা দেখাও দারুণ আনন্দের। স্মিথকে দেখে এখন আমার সেরা ফর্মের রিকি পন্টিংকে মনে পড়ছে।’ সিডনি মর্নিং হেরাল্ড, এএফপি।