অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চান সাবেক প্রোটিয়া অধিনায়ক

আশির দশকে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক কেপলার ওয়েসেলস। বর্ণবাদের কারণে ক্রিকেট দুনিয়ায় যখন দক্ষিণ আফ্রিকা যখন অচ্ছুত, তখন অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ও ওয়ানডেতে মাঠে নেমেছিলেন। পরে নব্বইয়ের দশকের শুরুতে দক্ষিণ আফ্রিকার নিষেধাজ্ঞা উঠে গেলে প্রোটিয়াদের অধিনায়কত্ব করেন তিনি। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর ওয়েসেলস ছিলেন দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় অধিনায়ক।
ওয়েসেলসকে ‘আদর্শ’ মানা আরেক প্রোটিয়া ক্রিকেটার ইয়োহান বোথাও একই পথে হাঁটতে চান। দক্ষিণ আফ্রিকাকে সীমিত ওভারের ক্রিকেটে একাধিকবার নেতৃত্ব দেওয়া বোথা চান অস্ট্রেলিয়ার হয়ে খেলতে। ২০১২ সালে সর্বশেষ দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে দেওয়া বোথা অস্ট্রেলিয়াতে বাস করছেন অনেক দিন ধরেই। গত মাসে অস্ট্রেলীয় নাগরিকত্ব পাওয়া এই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার বিগ ব্যাশে খেলছেন সিডনি সিক্সার্সের হয়ে।
২০১০-১১ সালের দিকে গ্রায়েম স্মিথ নিজের মনোযোগ টেস্টের দিকে সরিয়ে নিলে বেশ কিছু সীমিত ওভারের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছিলেন বোথা। ২০১২ সাল থেকে অস্ট্রেলিয়াতে বাস করছেন তিনি। আইসিসির নিয়মানুযায়ী যেকোনো আন্তর্জাতিক ক্রিকেটার সাড়ে তিন বছর কোনো দেশে বাস করলে সে দেশকে প্রতিনিধিত্ব করতে পারেন। প্রথম শ্রেণির ক্রিকেটারের ক্ষেত্রে এই সময়সীমা চার বছর।
ফক্স স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইচ্ছাটা জানিয়েছেন সাবেক এই প্রোটিয়া অফ স্পিনার, ‘আমি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারলে খুবই খুশি হব। আমি আন্তর্জাতিক ক্রিকেটটাকে খুব মিস করছি।’
৩৪ বছর বয়সে অস্ট্রেলিয়া দলে সুযোগ পাওয়ার ইচ্ছাটা কি একটু বাড়াবাড়ি হয়ে যায় না? বোথা অবশ্য তা মানেন না, ‘আমি এখনো সেরা ক্রিকেটারদের মুখোমুখি হয়ে নিজেকে চ্যালেঞ্জ জানাতে পারি। আমি খেলার জন্য মুখিয়েই আছি। অনেকেই বলতে পারেন, আমার বয়স হয়ে গেছে। তবে আমি মনে করি সীমিত ওভারের ক্রিকেটে খেলার সামর্থ্য আমার আছে। আমি আরও দুই-তিন বছর সীমিত ওভারের ক্রিকেটটা আমি সহজেই খেলতে পারি।’
২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলীয় স্কোয়াডে ছিলেন ৪৩ বছর বয়সী ব্র্যাড হগ। এই তথ্যে বোথা উৎসাহী হতেই পারেন। সূত্র: ফক্স স্পোর্টস।