অস্ট্রেলিয়ার ২৯ বছরের রেকর্ড অক্ষুণ্ন

অতিথিদের বেশিক্ষণ কষ্ট দিল না অস্ট্রেলিয়া। ব্রিসবেন টেস্টের ‘মেজবান’ তো ওয়ার্নাররা পঞ্চম দিনের প্রথম ঘণ্টা পার না হতেই ছুটি দিয়ে দিল জো রুটদের। ১৭০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিনই ১১৪ রান করে জয়ের পথে অনেকটা এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। শেষ দিনে প্রয়োজনীয় ৫৬ রান তুলে নিতে খুব বেশি কষ্ট হয়নি দুই অস্ট্রেলীয় ওপেনার ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের। ১০ উইকেটে জিতে অ্যাশেজে ১-০-তে এগিয়ে গেল স্টিভ স্মিথের দল।
ডেভিড ওয়ার্নার অপরাজিত ছিলেন ৮৭ রানে, ক্যামেরন ব্যানক্রফট করেছেন ৮২ রান। সমান ১০টি করে বাউন্ডারি দুজনের, একমাত্র ছক্কাটি এসেছে অভিষিক্ত ব্যানক্রফটের ব্যাট থেকে। স্বাগতিকদের এমন দাপুটে জয়ে অ্যাশেজ সিরিজের উত্তেজনাটাই যেন কিছুই মিইয়ে গেল। অথচ ব্রিসবেন টেস্টেই প্রথম তিন দিনের প্রতিটি সেশনে রুদ্ধশ্বাস লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছিল। ভালো শুরু করেও ইংল্যান্ডের ৩০২-তে আটকে যাওয়া কিংবা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েও অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ২৬ রানের লিড পাওয়া—এসবেই ছিল উত্তেজনার আভাস। কিন্তু চতুর্থ দিন ইংলিশ ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় অস্ট্রেলিয়ার কাছে। ১৭০ রানের সহজ লক্ষ্যটা বুঝেশুনে খেলেই অর্জন করেছেন দুই অস্ট্রেলীয় ওপেনার।
অথচ প্রথম ইনিংসে লিড নেওয়ার কথা ইংল্যান্ডেরই। স্টোনম্যান, ভিন্স, মালান ও মঈন আলী—সবাই ভালো শুরুর পরও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন। অন্যদিকে, বিশুদ্ধ টেস্ট মেজাজের ব্যাটিংয়ে অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভ স্মিথের অপরাজিত ১৪১ রানই খেলাটার মোড় ঘুরিয়ে দেয়। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলীয় পেসাররা ছন্দ ফিরে পেলে মুখ থুবড়ে পড়ে রুটের দল। ৫১২ মিনিটে ৩২৬ বলে খেলা ১৪১ রানের অবিশ্বাস্য ইনিংসের জন্য ম্যাচসেরা হয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ। সংবাদ সম্মেলনে এটিকে নিজের সেরা ইনিংসই বলেছেন স্মিথ, ‘পরিস্থিতি আর অ্যাশেজের বিচারে এটি আমার খেলা অন্যতম সেরা ইনিংস। অনেক কষ্ট করতে হয়েছে, দলকে চাপ থেকে বের করে আনতে হয়েছে। আমি এটা নিয়ে খুবই সন্তুষ্ট।’ সিরিজে এগিয়ে গিয়ে দারুণ খুশি স্মিথ, ‘গ্যাবার রেকর্ড (২৯ বছর ধরে অপরাজিত) ধরে রাখতে পারাটা দারুণ ব্যাপার। টস হেরেও একটি ভালো দলের বিপক্ষে ১০ উইকেটের জয় পাওয়াটা ভীষণ আনন্দের।’
উল্লেখ্য, ১৯৮৮ সালে ভিভ রিচার্ডসের ওয়েস্ট ইন্ডিজের কাছে হারার পর ব্রিসবেনে গত ২৯ বছরে কোনো টেস্ট হারেনি অস্ট্রেলিয়া। সূত্র: এএফপি