অস্ট্রেলিয়ার 'না'-এর পর জিম্বাবুয়ের 'হ্যাঁ'তে সুখবর দেখছেন সাকিব

সেপ্টেম্বরে স্টিভেন স্মিথদের বিপক্ষে যখন ব্যাটে-বলে শান দিচ্ছিলেন সাকিব-তামিমরা, নিরাপত্তার কারণে দেখিয়ে হুট করে সিরিজ স্থগিত করল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা ধাক্কাই বটে। সে ধাক্কা সামলে আকস্মিকভাবেই আয়োজন করা হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ। এটিকে বাংলাদেশের ক্রিকেটের জন্য ইতিবাচকই দেখছেন সাকিব আল হাসান।
ক্রিকেট দুনিয়ায় জিম্বাবুয়ে যেন বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু। বাংলাদেশ ডাকলেই জিম্বাবুয়ে বাড়িয়ে দেয় সহযোগিতার হাত। এবারও ব্যত্যয় ঘটেনি। জিম্বাবুয়ের সহায়তাকে কৃতজ্ঞতার চোখে দেখছেন সাকিব, ‘এ সিরিজটা আমাদের জন্য ভালো। জিম্বাবুয়ে এ সময়ে এসে আমাদের ভালো সহায়তা করল। কদিন আগে একটা দেশ সিরিজ স্থগিত করেছে। আমার মনে হয়, ক্রিকেট নিয়ে আমাদের এখানে কোনো অনিশ্চয়তা নেই। সে দিক দিয়ে খুশি, জিম্বাবুয়ে এল। আমার বিশ্বাস, ক্রিকেট নিয়ে আমাদের এখানে কোনো সমস্যা হবে না। আগে তো হয়নি, সামনেও হবে না।’
দারুণ এক বছর গেল বাংলাদেশের। বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের পর ঘরের মাঠে মাশরাফি বিন মুর্তজা দল হারেনি একটি ওয়ানডে সিরিজও। বাংলাদেশ হারিয়েছে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে। এখন জিম্বাবুয়েকে দিয়ে দারুণ সমাপ্তি রেখা টানার প্রত্যাশা সাকিবের, ‘যেহেতু এ বছরের পুরোটা সময় আমরা ভালো খেলেছি, শেষটাও ভালো করতে চাই। সে আত্মবিশ্বাস আমাদের আছে। ওদের সঙ্গে ভালো করতে পারলে ক্রিকেটে এটা আমাদের সবচেয়ে সাফল্যের বছর হবে। এই সিরিজের জন্য সবাই মুখিয়ে আছে।’
নাকের ডগায় জিম্বাবুয়ে সিরিজ হলেও এখনই বিপিএলের আমেজ বাংলাদেশের ক্রিকেটে। জিম্বাবুয়ে সিরিজের আগে বিশ্বসেরা অলরাউন্ডারকে বলতে হলো বিপিএল নিয়েও। লটারির মাধ্যমে সাকিবের ঠিকানা হয়েছে রংপুর রাইডার্সে। তবে এখনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে এ নিয়ে আলোচনা হয়নি ঠিকমতো। জিম্বাবুয়ে সিরিজের পরই মনোযোগ দিতে চান বিপিএলে, ‘রংপুরের প্রতি কৃতজ্ঞতা, তারা আমাকেই প্রথম ডেকেছে। এখনো তাদের সঙ্গে সরাসরি দেখা হয়নি। এক-দুবার ফোনে কথা হয়েছে। আপাতত প্রধান লক্ষ্য জিম্বাবুয়ে সিরিজটা ভালোভাবে শেষ করা।’