অস্ট্রেলিয়ারই তো জেতার কথা ছিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ দিকে দুই ওভারে দুই উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে তুলেছিলেন বোল্ট। ছবি: রয়টার্স
শেষ দিকে দুই ওভারে দুই উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে তুলেছিলেন বোল্ট। ছবি: রয়টার্স

ক্রিকেট ইতিহাসে প্রথম টেস্টটা খেলেছে তারা। প্রথম আন্তর্জাতিক ওয়ানডে, দিবারাত্রির প্রথম ওয়ানডেও। এমনকি প্রথম টি-টোয়েন্টিতেও জড়িয়ে তাদের নাম। ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্টটায় খেলার ‘অধিকার’ অস্ট্রেলিয়া ছাড়া আর কারও বেশি ছিল না। তা-ই যদি হয়, ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্টটাও জেতার কথা ছিল অস্ট্রেলিয়ারই। প্রথম টেস্ট, প্রথম ওয়ানডে, প্রথম দিবারাত্রির ওয়ানডে আর প্রথম টি-টোয়েন্টিও যে জিতেছিল তারাই!
অ্যাডিলেডে তিন দিনেই শেষ হয়ে গেল দিবারাত্রির প্রথম টেস্ট। তাতে নিউজিল্যান্ডকে ৩ উইকেটে হারাল অস্ট্রেলিয়া। কিন্তু শেষ মুহূর্তে জমিয়ে তুলল দারুণ নাটক। জিততে মাত্র ১১ রান লাগে, হাতে পাঁচ উইকেট। এমন সময় ফিফটি থেকে মাত্র এক রান দূরে থাকা শন মার্শকে ফেরালেন বোল্ট। বেরিয়ে পড়ল অস্ট্রেলিয়ার লেজ। আর একটা আঘাত দারুণ জমিয়ে তুলতে পারে ম্যাচ। পরের বলটাতেই শিউরে উঠল দর্শক। আর একটু হলেই যে আউট হতে বসেছিলেন সিডল!
ফ্লিক করেছিলেন। বল ভেসেছিল হাওয়ায়। মিড উইকেটের ফিল্ডার ডানে ঝাঁপিয়েও ছিলেন। ক্যাচটা লুফে নিতে পারেননি একটুর জন্য। শুধু তা-ই নয়, উল্টো ওই বলটাতেই চার বাঁচাতে গিয়ে ডাইভ দেওয়া গাপটিল উল্টো চার বানিয়ে দিলেন। ঝুপ করে লক্ষ্যটা ১১ রান থেকে সাতে নেমে এল, যে এগারোকে মনে হচ্ছিল অনেক দূরের পথ।
এরপর খুটখুট ব্যাট চালিয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন দুই পিটার—সিডল আর নেভিল। বোল্টেরই পরের ওভারের প্রথম বলে সিডল আবারও গালিতে ক্যাচ ভাসিয়েছিলেন। এবং আবারও উল্টো ওই বলে তিন রান! জয়ের জন্য দরকার মাত্র ২। দানে দানে তিন দান—বোল্ট ওই ওভারের পঞ্চম বলে এবার ঠিকই তুলে নিলেন উইকেট... তবে সিডল নন, নেভিলকে!
ব্যাট হাতে নামলেন আহত মিচেল স্টার্ক। কাভারে একজন ফিল্ডার বাদে বাকি সবাই স্লিপ কর্ডনে! সাউদির করা পরের ওভারের প্রথম বলে আবারও ক্যাচ ভাসল গালিতে! এবারও একটুর জন্য বেঁচে গেলেন সিডল। পরের বলে স্ট্রেট ড্রাইভ, চার হওয়ার কথা, সঙ্গে ম্যাচও শেষ। অথচ বল গিয়ে লাগল ও প্রান্তের স্টাম্পে! শেষ মুহূর্তের এমন খণ্ড নাটকের সমাপ্তি হলো ওই ওভারের শেষ বলে। পয়েন্টের দিকে ঠেলে দিয়ে দুই রান নিলেন সিডল। শেষ মুহূর্তের রোমাঞ্চ জাগিয়ে প্রথম দিবারাত্রির টেস্ট জিতে নিল অস্ট্রেলিয়া!
অস্ট্রেলিয়া যে জিতবে, সেটি অবশ্য ভবিতব্যই ছিল। লক্ষ্যই তো ছিল মাত্র ১৮৭! দ্বিতীয় দিনে ৫ উইকেট হারিয়ে ১১৬ রান নিয়ে যখন দিন শেষ করল নিউজিল্যান্ড, দ্বিতীয় ইনিংসে লিড ছিল মাত্র ৯৪। ভরসা হয়তো ছিল অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান স্যান্টনার ও ওয়াটলিং হয়তো আজ কিছু এগিয়ে দেবেন। সেই আশার গুড়ে বালি। দিনের নবম বলে আগের দিনের ১১৬তে দলকে রেখেই আউট হয়ে গেলেন ওয়াটলিং। ইতিহাস গড়া এই ম্যাচ দিয়েই টেস্ট ক্যারিয়ার শুরু করা স্যান্টনার কিছুটা লড়ে গেছেন। তবে হাফ সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থাকতে তিনি আউট হয়ে যেতেই নিউজিল্যান্ডের ভাগ্য-লিখন হয়ে যায়। শেষ দুই উইকেটে সাউদি-ব্রেসওয়েল মিলে দলের স্কোর দু শ পার করালেন। ৬ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে একাই রুখে দিলেন পেসার জশ হ্যাজলউড। দিবারাত্রির প্রথম টেস্টে প্রথম ৫ উইকেট নেওয়া বোলারও হলেন এই অস্ট্রেলিয়ান পেসার।
টার্গেট দুই শরও কম, হাতে আছে পুরো দুই দিনেরও বেশি সময়। অথচ অস্ট্রেলিয়া শুরু করল কি না একেবারে ওয়ানডে ঢংয়ে। দুই ওপেনার ওয়ার্নার আর বার্নস মিলে প্রথম ৬ ওভারে রান তুলছিলেন ৫ এরও বেশি করে। তবে ৩৪ রানে বার্নস আউট হওয়ার কিছুক্ষণ ওয়ার্নারও ফিরে যান। এরপর ৭ বলের বিরতি দিয়ে অধিনায়ক স্মিথও চলে গেলে একটু চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। তবে সেটিকে একেবারে স্তিমিত করে আনেন শন মার্শ। প্রথমে ভোজেস, তারপর ভাই মিচেলের সঙ্গে ৪র্থ ও ৫ম উইকেটে দুটি পঞ্চাশ ছোঁয়া জুটিতে অস্ট্রেলিয়াকে সহজ জয়ের দিকেই নিয়ে যাচ্ছিলেন শন।
তবে ১৬১ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে মিচেল আউট হওয়ার পর হঠাৎই অস্ট্রেলিয়ানদের ঘিরে ধরে ‘প্যানিক’। শন মার্শ আউট হয়ে গেলেই তো অস্ট্রেলিয়ার শেষ দিকের ব্যাটসম্যানরা বেরিয়ে আসবে। আর এই আতঙ্ক থেকেই হয়তো এল শেষ দিকের ওই নাটকীয়তা। দুই ওভারে দুই উইকেট তুলে নিলেন ট্রেন্ট বোল্ট। সবচেয়ে বড় ব্যাপার, শন মার্শকে ফেরানো গেছে। তবে শেষ রক্ষা হলো না। কিছু ক্যাচ মিস, তাতে ‘কোটি টাকা দামের’ রান; পড়ি-মরি করে সিডল-স্টার্কদের ইয়র্কার ঠেকানো—এই করতে করতেই ম্যাচটা জিতে নিল অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার ৫ ব্যাটসম্যানকে আউট করেও কোনো প্রাপ্তি নেই কিউই পেসার বোল্টের। ম্যাচের সঙ্গে ম্যাচসেরার পুরস্কারটাও যে নিয়ে গেছেন জশ হ্যাজলউড। অবশ্য প্রায় ম্যাড়ম্যাড়ে দিনের ক্রিকেটে শেষ দিকের উত্তেজনাটুকু নিয়ে আসার জন্য ধন্যবাদ নিশ্চিতভাবেই পাবেন বোল্ট, যদি তাতে তাঁর মন ভরে। তথ্যসূত্র: ক্রিকইনফো।


সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড ১ম ইনিংস ২০২ (ল্যাথাম ৫০, স্টার্ক ৩/২৪, হ্যাজলউড ৩/৬৪) ও ২য় ইনিংস ২০৮ (স্যান্টনার ৪৫, হ্যাজলউড ৬/৭০)
অস্ট্রেলিয়া ১ম ইনিংস ২২৪ (নেভিল ৬৬, স্মিথ ৫৩, ব্রেসওয়েল ৩/১৮) ও ২য় ইনিংস ৭ উইকেটে ১৮৭ (মার্শ ৪৯, ওয়ার্নার ৩৫, বোল্ট ৫/৬০)
ম্যাচ: অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী।
সিরিজ: অস্ট্রেলিয়া ২-০ তে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: জশ হ্যাজলউড
ম্যান অব দ্য সিরিজ: ডেভিড ওয়ার্নার