অস্ট্রেলিয়ায় একবার, দ. আফ্রিকায় দুবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের ভবিষ্যৎ সফর পরিকল্পনায় (এফটিপি) ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশ দলের কোনো ইংল্যান্ড সফর ছিল না। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত খসড়া চুক্তিতেও সেটা নেই। তবে নতুন পদ্ধতির এফটিপিতে ২০২৩ সালের মধ্যে বাংলাদেশের সামনে খুলে যেতে পারে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় একাধিক সফরের সুযোগ।
এফটিপির খসড়া নিয়ে সব দেশের বোর্ডের সঙ্গেই আলোচনা সেরে ফেলেছে বিসিবি। আগামী মাসের আইসিসির সভায় আলোচনা হওয়ার কথা এসব খসড়া এফটিপি নিয়ে। তবে এই সভার আগেই বিসিবিকে খসড়া এফটিপি পাঠিয়ে দিয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। জানা গেছে, খসড়া এফটিপি অনুযায়ী ২০২৩ সালের মধ্যে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল দুবার বাংলাদেশ সফর করতে পারে। একইভাবে বাংলাদেশ দলেরও দুবার দক্ষিণ আফ্রিকা সফরের কথা আছে তাতে। এ ছাড়া এই সময়ের মধ্যে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশে আসতে পারে দুবার, বাংলাদেশ অস্ট্রেলিয়ায় যেতে পারে একবার। আর ইংল্যান্ড দলের বাংলাদেশে তিনবার আসার কথা থাকলেও প্রস্তাবিত এফটিপিতে বাংলাদেশ দলের কোনো ইংল্যান্ড সফর নেই। প্রস্তাবিত এই সিরিজগুলোর মধ্যে সবার আগে আছে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর। আগামী বছরের অক্টোবরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়া দলের। তবে কোনো কিছুই এখনো চূড়ান্ত নয়।
কাল ক্রিকেট পরিচালনা কমিটির এক সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসও জানালেন, কোনো দেশের সঙ্গেই এখনো চূড়ান্ত এফটিপি করেনি বিসিবি। সবই আছে খসড়া পর্যায়ে। ‘আমরা ২০২৩ সাল পর্যন্ত খসড়া এফটিপি পেয়েছি। বোর্ডের সঙ্গে আলাপ করে সিইও এখন এই চুক্তিগুলো চূড়ান্ত করবেন। চূড়ান্ত হওয়ার পরই কেবল আমরা বলতে পারব এফটিপিতে কতগুলো টেস্ট ও কতগুলো ওয়ানডে আছে’—বলেছেন তিনি।
সঙ্গে জানিয়েছেন, নতুন এফটিপিতে বাংলাদেশ দল আগের এফটিপির চেয়ে বেশি ম্যাচ খেলবে, বেশি ম্যাচ খেলবে জিম্বাবুয়ের চেয়েও। ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ দল টেস্ট ম্যাচ খেলবে প্রায় ৬০টি, ওয়ানডে প্রায় ৯৫টি এবং টি-টোয়েন্টি ম্যাচ প্রায় ৩০টি। তবে এফটিপি যেহেতু একটি চলমান প্রক্রিয়া, ম্যাচের এ সংখ্যা যেমন বাড়তে পারে, পরিস্থিতিভেদে কমতেও পারে।