অস্ট্রেলিয়ায় ওলট-পালট চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদত্যাগ করতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান? ফাইল ছবি
পদত্যাগ করতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান? ফাইল ছবি
• কোচ ড্যারেন লেম্যান পদত্যাগ করতে চান বলে জানা গেছে।
• ২০১৩ সালে দায়িত্ব নিয়েছিলেন, চুক্তির এক বছর বাকি থাকতেই পদত্যাগ করছেন।
• স্মিথ বলেছিলেন, বল বিকৃতির পরিকল্পনা জানতেন না লেম্যান।


বল বিকৃতির ঘটনায় তোলপাড় চলছে অস্ট্রেলীয় ক্রিকেটে। অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াতে হয়েছে অস্ট্রেলীয় ক্রিকেট দলের স্টিভ স্মিথকে। তিনি এখন অপেক্ষায় ক্রিকেট অস্ট্রেলিয়ার ‘দৃষ্টান্তমূলক শাস্তি’র। এবার ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফ জানিয়েছে, পদত্যাগ করতে হবে কোচ ড্যারেন লেম্যানকেও। তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ টেস্টের আগেই পদত্যাগ করবেন।

এদিকে অস্ট্রেলীয় ক্রিকেট দলের বল বিকৃতির ঘটনা তদন্তে ক্রিকেট অস্ট্রেলিয়ার একটি প্রতিনিধিদল ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছে। আজ মঙ্গলবারের মধ্যেই এই প্রতিনিধিদলের প্রতিবেদন জমা দেওয়ার কথা।

গত শনিবার অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনা ঘটে। টেলিভিশন ফুটেজে দেখা যায়, অস্ট্রেলীয় ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফট পকেট থেকে হলুদ রঙের টেপ-জাতীয় কিছু বের করে তা বলে ঘষছেন। পরে অধিনায়ক স্মিথ সংবাদ সম্মেলনে বল বিকৃতির ঘটনা স্বীকার করে বলেন, দলের সিনিয়র ক্রিকেটাররা এই পরিকল্পনার সঙ্গে জড়িত। তিনি অবশ্য সেদিনই জানিয়েছিলেন, কোচ লেম্যান ও অন্য কোচিং স্টাফরা ব্যাপারটির কিছুই জানতেন না।

২০১৩ সালে অস্ট্রেলীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন লেম্যান। তাঁর সময়ে যথেষ্ট সাফল্যই পেয়েছে দল। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার ওয়ানডে বিশ্বকাপ জয় তাঁর সবচেয়ে বড় সাফল্য। কোচ হিসেবে দলের মধ্যে তুলনামূলক নির্ভার পরিবেশই নিশ্চিত করেছিলেন অস্ট্রেলিয়ার এই সাবেক ব্যাটসম্যান।

শেষ পর্যন্ত পদত্যাগ করতে হলে শেষটা ইতিবাচক হয়ে থাকবে না লেম্যানের জন্য।