অস্ট্রেলিয়ায় জয় চায় পাকিস্তানও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার যে খারাপ সময় যাচ্ছে, এ নিয়ে কোনো সংশয় নেই। শ্রীলঙ্কায় তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়ে আসার পর নিজের দেশেও দক্ষিণ আফ্রিকার কাছে ২-১ ব্যবধানে সিরিজ হার। সাদা পোশাকে অস্ট্রেলিয়ার এই দুঃসময়ের সুযোগ নিতে মুখিয়ে আছে পাকিস্তানও। নইলে কি আর পাকিস্তান কোচ মিকি আর্থার বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টেস্টের সিরিজটা জিতেই দেশে ফিরতে চান তিনি!

সর্বশেষ ছয় টেস্টের পাঁচটিতেই পরাজিত অস্ট্রেলিয়ার বিপক্ষে কাজটা এখন খুব অসম্ভব কিন্তু মনে হয় না। অবশ্য পাকিস্তান তো ক্রিকেটের এক চিরকালীন অননুমেয় দল। তবে এই সিরিজে জয়ে আর্থারকে বেশ আশাবাদীই মনে হচ্ছে, ‘আমাদের লক্ষ্য থাকে প্রতিটি টেস্ট সিরিজ জেতা। আর আমাদের বোলিংয়ের সামর্থ্য আছে ওদের ব্যাটিং ধসিয়ে দেওয়ার।’

আরেকটা সুবিধাও পাচ্ছে পাকিস্তান। বছর দেড়েক অস্ট্রেলিয়ার কোচ ছিলেন বলে স্টিভেন স্মিথদের হাঁড়ির খবর অনেকটাই জানা আর্থারের। তবে সেই অভিজ্ঞতা থেকেই আর্থার আবার সতর্কও করে দিচ্ছেন তাঁর খেলোয়াড়দের, ‘সব দলেরই একটা খারাপ সময় আসে। কিন্তু ভুলে গেলে চলবে না অস্ট্রেলিয়া দুর্দান্ত একটা দল, আর ওরা খেলবে নিজেদের কন্ডিশনে।’

অবশ্য আর্থার যে অস্ট্রেলিয়াকে দেখেছেন, এই অস্ট্রেলিয়া তার চেয়ে অনেকটা আলাদা বলেই মনে করেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ান এই পেসার সিরিজ শুরুর আগে একটা খোঁচাই দিলেন দক্ষিণ আফ্রিকান এই কোচকে, ‘আমি তাঁকে খুব বেশি সময় পাইনি। তবে যেটুকু বুঝি, তিনি একভাবে দল চালাতেন, এখন বুফ (ড্যারেন লেম্যান) চালাচ্ছেন অন্যভাবে। মিকি চলে যাওয়ার পর আমাদের দলটাও অনেক বদলে গেছে। খেলোয়াড়দের মধ্যে সম্পর্কটা আরও গভীর হয়েছে।’

১৫ ডিসেম্বর ব্রিসবেন টেস্ট দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়া-পাকিস্তানের তিন টেস্টের সিরিজ। রয়টার্স।