
ভেবেছিলেন আগামী জুনে দায়িত্ব ছাড়বেন। কিন্তু অত দিন আর অপেক্ষা করলেন না রডনি মার্শ। গতকাল দায়িত্ব ছেড়ে দিলেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক।
হোবার্ট টেস্টে অস্ট্রেলিয়ার শোচনীয় ব্যর্থতার পর ধেয়ে আসা সমালোচনার ঝড়ে প্রথম কে উপড়ে পড়েন, দেখার ছিল সেটাই। দলের একের পর এক ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করে সেই তালিকায় প্রথম নামটি যোগ করলেন সর্বকালের অন্যতম সেরা এই উইকেটকিপার।
যাওয়ার আগে অবশ্য মার্শ বলেছেন, ‘এটা একান্তই আমার নিজের সিদ্ধান্ত। ক্রিকেট অস্ট্রেলিয়ার কেউ আমাকে চাপ দেয়নি, আমাকে কেউ এ ব্যাপারে পরামর্শও দেয়নি। তবে এটা পরিষ্কার, সময় এসেছে নতুন করে চিন্তাভাবনা করার। ভবিষ্যতের কথা ভেবে আমাদের টেস্ট দলেও নতুন কিছু মুখ যোগ করার সময় এখন।’
নতুন মুখ যোগ করার প্রক্রিয়া কী হবে, প্রশ্ন আছে সেটি নিয়েও। শুধু কি ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স বিচার করেই দলে নেওয়া হবে, নাকি ভবিষ্যৎ সম্ভাবনা বিচার করে প্রতিভাবানদের সুযোগ দেওয়া হবে। সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডার অবশ্য পারফরম্যান্সের বিচারে আশার আলো দেখেন না, ‘একটা সময় গড় ৫০ (শেফিল্ড শিল্ডে) না হলে কাউকে অস্ট্রেলিয়ার হয়ে খেলার জন্য বিবেচনা করা হতো না। কিন্তু এখন যদি গড়ের দিকে তাকান, ২৫ বছরের কম বয়সী কজন ব্যাটসম্যানের গড় ৪০ বা তার বেশি। পরিসংখ্যান দেখলে হতাশ হতে হয়।’
তাহলে কী করতে হবে সেই উপায়টাও বাতলে দিয়েছেন বোর্ডার। গত শতাব্দীর আশির দশকে বোর্ডার যখন অধিনায়ক হন তখন অস্ট্রেলিয়ার অবস্থা ছিল বেশ নাজুক। সেখান থেকেই কয়েক বছরের মধ্যে টেস্ট ক্রিকেটের শীর্ষে ওঠে তারা। পরিবর্তনটা কীভাবে হয়েছিল সেটা তাই ভালোই জানা বোর্ডারের। অস্ট্রেলিয়াকে প্রথম বিশ্বকাপ জেতানো অধিনায়ক মনে করেন, ‘দলে কিছু নতুন মুখ নিতে হবে। তবে শুধু পরিসংখ্যান না দেখে সম্ভাবনা আছে, এমন খেলোয়াড়দের নেওয়া দরকার। আশা করা যায়, এভাবে দু-একজন ভালো খেলোয়াড় পেয়ে যেতে পারি।’
বোর্ডার জানেন স্টিভ ওয়াহর উঠে আসার গল্পটা, ‘আমার সময়ে এমনটা হয়েছিল। নির্বাচকেরা স্টিভেন ওয়াহ নামের একজনকে নিয়ে বাজি ধরেছিলেন। তাকে যখন দলে নেওয়া হলো সম্ভবত সে তখন আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য প্রস্তুত ছিল না। কিন্তু পরে সে কী খেলোয়াড়ই না হয়েছে! তাই এখন দরকার এমন কিছু তরুণকে দলে নেওয়া যারা অস্ট্রেলিয়ার ভাগ্য বদলাতে পারবেন বলে আপনি মনে করেন।’
২৪ নভেম্বর ব্রিসবেনে শুরু দিবারাত্রির তৃতীয় টেস্টে প্রথম দুই টেস্টের কতজন জায়গা ধরে রাখতে পারেন প্রশ্ন সেটাই। ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেট ব্রায়ান লারা অবশ্য অস্ট্রেলিয়াকে পরামর্শ দিচ্ছেন দলে বেশি পরিবর্তন না আনার। পরিবর্তন বেশি হলে হিতে বিপরীত হতে পারে বলেই মনে করেন টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ইনিংসের মালিক, ‘সিরিজ জেতাতে পারে এমন খেলোয়াড়দেরই কিন্তু আপনি দলে নিয়েছিলেন। এখন দরকার শেষবারের মতো ওদের বাজিয়ে দেখা। দেখা দরকার অ্যাডিলেডে ঘুরে দাঁড়ানোর মতো মানসিকতা ও শারীরিক সক্ষমতা ওদের আছে কি না। এখানেও ব্যর্থ হলে তবেই আপনি পরের সিরিজের জন্য পরিকল্পনা সাজাতে পারেন ও কিছু পরিবর্তন আনতে পারেন।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডও ব্যাপক পরিবর্তন আনার বিপক্ষে। এ ছাড়া ব্যর্থতার কারণ অনুসন্ধান করতে নতুন করে পর্যালোচনা কমিটি করারও বিপক্ষে সাদারল্যান্ড। ২০১০-১১ মৌসুমে ঘরের মাঠে অ্যাশেজে হারার পর যেটা করেছিল অস্ট্রেলিয়া। সাদারল্যান্ড মনে করেন, সেই সময়ের অর্গাস কমিটির পরামর্শ এবারও কাজে দেবে। তথ্যসূত্র: এএফপি, রয়টার্স, ক্রিকইনফো।