অস্ট্রেলিয়ায় ভারতের সমর্থকদের বাজির ঘোড়া যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় পেসারদের ভালো করতে হবে। ছবি: ফাইল ছবি।
অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় পেসারদের ভালো করতে হবে। ছবি: ফাইল ছবি।

অস্ট্রেলিয়ায় গিয়ে এশিয়ান দলগুলোর নাকানি চুবানি খাওয়ার দৃশ্য একরকম পরিচিতই ক্রিকেটে। কিন্তু গত বছর এর ব্যতিক্রম ঘটিয়েছিল ভারত। এশিয়ার প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জেতেন বিরাট কোহলিরা।

অস্ট্রেলিয়ার ঘরে তাদের বিপক্ষে এত ভালো করায় ভারতের বোলিং আক্রমণকেই এগিয়ে রেখেছেন সাবেক ইংলিশ অধিনায়ক ও ধারভাষ্যকার মাইক আথারটন। এক টিভি 'টক শো'তে অস্ট্রেলিয়াকে হারাতে ভারতের ব্যাটিং ও বোলিংয়ের প্রশংসা করেন তিনি।

ব্যাটিংয়ে মায়াঙ্ক আগারওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলিরা এগিয়ে রাখেন ভারতকে। বোলাররা বাকি কাজটুকু সেরে ম্যাচটা জেতান। কিংবা বোলাররাও জয়ের সুযোগ তৈরি করে দেন, বোর্ডার-গাভাস্কার ট্রফি জিততে কথাটা মাথায় রাখতে বললেন আথারটন।

যশপ্রীত বুমরাহ, মোহাম্মদ সামি, ইশান্ত শর্মা, উমেশ যাদব আর ভুবনেশ্বর কুমারদের বোলিংয়েই মূলত অস্ট্রেলিয়া এর আগে দাঁড়াতে পারেনি। আথারটনের মতে, আবারও অস্ট্রেলিয়ায় গিয়ে সফলতার মুখ দেখতে পারে ভারত যদি এমন বোলিংটা ধরে রাখতে পারে। আথারটন বলছিলেন, 'ভারতীয় সমর্থকদের আশা দেখাতে পারে তাদের বোলিং। শক্তিশালী পেস আক্রমণ ছাড়া অস্ট্রেলিয়ায় জয়ী হওয়া খুবই কঠিন।'

আগের তুলনায় ভারতীয় বোলিংয়ের যে উন্নতি হয়েছে সে কথাও বলেন এই ধারাভাষ্যকার, 'আমার দৃষ্টিতে ভারতের যে উল্লেখজনক উন্নতি হয়েছে সেটা হলো মানসম্মত বোলার বের করা। ১৯৯৩ সালে যখন আমি ভারতে গিয়ে খেলেছি তখন ওরা ছিল পুরোপুরি স্পিন নির্ভর। ভালো ফাস্ট বোলার তখনও ছিল, কিন্তু আমার মনে হয় না সংখ্যার দিক দিয়ে এতটা গভীরতা ছিল ওদের।'