অস্ট্রেলিয়ায় ভারতের সিরিজ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচসেরা বিরাট কোহলি
ম্যাচসেরা বিরাট কোহলি

ওয়ানডে সিরিজটা অস্ট্রেলিয়া নিশ্চিত করেছিল দুই ম্যাচ হাতে রেখে, জিতেছে ৪-১ ব্যবধানে। টি-টোয়েন্টি সিরিজ আসতেই যেন পাশার দান উল্টে গেল। এবার তিন ম্যাচের সিরিজটি এক ম্যাচ হাতে রেখেই জিতে নিল ভারত। যেটি অস্ট্রেলিয়ায় ভারতের প্রথম দ্বিপক্ষীয় সিরিজ জয়। মেলবোর্নে কাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে মহেন্দ্র সিং ধোনির দলের কাছে ২৭ রানে হেরেছে অস্ট্রেলিয়া। সিরিজের শেষ ম্যাচটাও হেরে গেলে এটাই হবে তিন ধরনের ক্রিকেটে নিজেদের মাঠে কোনো সিরিজে ৩-০ ব্যবধানে অস্ট্রেলিয়ার ধবলধোলাই হওয়ার প্রথম ঘটনা!
ভারতের দেওয়া ১৮৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও শন মার্শ ৯৪ রান তুলে ফেলেছিলেন ১০ ওভারের মধ্যেই। কিন্তু পরের ৭ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় অস্ট্রেলিয়া। মার্শকে (২৩) হার্দিক পান্ডিয়ার ক্যাচ বানিয়ে ৯.৫ ওভার স্থায়ী ওপেনিং জুটি ভাঙেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সেই ওভারে দুবার ক্যাচ দিয়েও বেঁচে যান ফিঞ্চ। এর একটু পরে ক্রিস লিন ও গ্লেন ম্যাক্সওয়েল দুজনই ধোনির দুর্দান্ত উইকেট কিপিংয়ের শিকার হন। লিন ক্যাচ দিয়েছেন, ম্যাক্সওয়েল হয়েছেন স্টাম্পড। পরে জেমস ফকনারকেও স্টাম্পিং করে আন্তর্জাতিক ম্যাচে স্টাম্পিংয়ের বিশ্ব রেকর্ড গড়েছেন ধোনি। ফকনার ধোনির ১৪০তম শিকার, এর আগে ১৩৯টি স্টাম্পিং ছিল কুমার সাঙ্গাকারার।
তবে ফিঞ্চ যতক্ষণ ছিলেন, ভারতের ৩ উইকেটে ১৮৪ রান নিরাপদ মনে হচ্ছিল না। রান আউট হয়ে ফেরার আগে ফিঞ্চ করে যান ৪৮ বলে ৭৪ রান। বাকিরা এসেছেন আর গেছেন। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৫৭ পর্যন্ত যেতে পারে অস্ট্রেলিয়া।
এর আগে শিখর ধাওয়ানের সঙ্গে রোহিত শর্মার ৯৭ রানের উদ্বোধনী জুটিতে শুরুটা দারুণ হয় ভারতেরও। শিখর ধাওয়ানকে (৪২) লিনের ক্যাচ বানিয়ে ১১ ওভার স্থায়ী এ জুটি ভাঙেন গ্লেন ম্যাক্সওয়েল। শর্মা-ধাওয়ানঝড়ে ৬৮ বলেই ১০০ রান তুলে ফেলে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে এর চেয়ে কম বলে ১০০ হয়েছে আর একবারই। ২০১৩ সালে ব্রিসবেনে ৬৭ বলে ১০০ করেছিল ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম ম্যাচে ৫৫ বলে ৯০* করে ম্যাচসেরা হয়েছিলেন বিরাট কোহলি, কালও ৩৩ বলে ৫৯ রান করে ম্যাচসেরা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ গড় এখন ভারতের টেস্ট অধিনায়কের—৫০.৬৫। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভারে ১৮৪/৩ (কোহলি ৫৯*, রোহিত ৬০, ধাওয়ান ৪২)। অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৫৭/৮ (ফিঞ্চ ৭৪, মার্শ ২৩, ওয়েড ১৬*; জাদেজা ২/৩২, বাভুমা ২/৩৭)।
ফল: ভারত ২৭ রানে জয়ী।