অস্ট্রেলিয়ায় হোয়াইটওয়াশ হবে ভারত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়া সফরে ভারতের করুণ দশা দেখছেন ম্যাকগ্রা। ছবি: এএফপি
অস্ট্রেলিয়া সফরে ভারতের করুণ দশা দেখছেন ম্যাকগ্রা। ছবি: এএফপি

সখী, বিদেশে টেস্ট জেতা কারে কয়? প্রশ্নটা যদি ঘুরিয়ে মহেন্দ্র সিং ধোনিকে করা হয়, তবে উত্তরটা অবশ্যই অজানা! অবস্থা এমন দাঁড়িয়েছে, মহেন্দ্র সিং ধোনির দল বিদেশে যায় বোধ হয় নাকাল হতে! জুন-২০১১ থেকে আগস্ট ২০১৪—তিন বছরে ১৯ টেস্টে মাত্র একটিতে জয়। সিরিজ জেতেনি একটিও। সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে এগিয়ে থেকেও শেষমেশ ৩-১ ব্যবধানে হার।
ডিসেম্বরে আবার ৪ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে অস্ট্রেলিয়ায়। কী হবে ভারতের?
গ্লেন ম্যাকগ্রা অতশত কূটনৈতিক উত্তর কিংবা সৌজন্য দেখানোর প্রয়োজন মনে করলেন না। সোজাসাপ্টা বলেই দিলেন, ‘ভারত ৪-০ ব্যবধানে হারবে।’ তার মানে পরিষ্কার ধবলধোলাই! কথায় অবশ্যই যুক্তি রয়েছে সাবেক অস্ট্রেলিয়া ফাস্ট বোলারের, ‘আসন্ন অস্ট্রেলিয়া সফরে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে ভারতকে অনেক বদলাতে হবে।’ এরপর ম্যাকগ্রা মনে করিয়ে দিলেন গত অ্যাশেজে ইংল্যান্ড কীভাবে নাকানিচুবানি খেয়েছিল অস্ট্রেলিয়ায়, ‘আমরা দেখেছিলাম, ইংল্যান্ড গত বছর ভালো ফর্মে থেকেও অস্ট্রেলিয়ায় এসে ৫-০ ব্যবধানে হেরেছিল। সেই ইংল্যান্ড ভারতকে হারাল ৩-১ ব্যবধানে। ফলে ভারতের জন্য খুব কঠিন সিরিজ অপেক্ষা করছে অস্ট্রেলিয়ায়।’
ওই সিরিজের সম্ভাব্য ফল প্রসঙ্গে ম্যাকগ্রার মত, ‘অস্ট্রেলিয়া যেখানেই খেলতে যাক না কেন, হারানো কঠিন। সত্যি বলছি, মনে করি না ভারত টেস্ট জিততে পারে। আমার অনুমান ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া জিতবে ৪-০ ব্যবধানে। আমার অনুমান ভুল করতে বা ঘুরে দাঁড়াতে ভারতকে কিছু উপায় বের করতে হবে। আগামী কয়েক মাসে ফিল্ডিং, ব্যাটিং, বোলিং—সব বিভাগেই প্রচুর খাটতে হবে।’ ক্রিকইনফো।