প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ডাবল সেঞ্চুরি ছিল মাত্র চারটি সফরকারী দলের ব্যাটসম্যানদের—ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। কাল নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ায় ডাবল সেঞ্চুরি পেলেন রস টেলর। টেলরের অপরাজিত ২৩৫ রানের ইনিংসটি অস্ট্রেলিয়ায় সফরকারীদের ১৬তম ডাবল সেঞ্চুরি। আজ আরও ৫৩ রান করতে পারলেই অস্ট্রেলিয়া সফরে সর্বোচ্চ টেস্ট ইনিংসের মালিক হয়ে যাবেন টেলর। ১৯০৩ সালে সিডনিতে ইংল্যান্ডের টিপ ফস্টার করেছিলেন ২৮৭। অস্ট্রেলিয়ায় সফরকারীদের প্রথম ডাবল সেঞ্চুরিটি এখনো টিকে আছে সর্বোচ্চ ইনিংস হিসেবে। দ্বিতীয় সর্বোচ্চ ২৭৭ রান ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারার (১৯৯৩)। তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন ইংল্যান্ডের ওয়ালি হ্যামন্ড (২৫১) ও ভারতের শচীন টেন্ডুলকার (২৪১*)। ইংল্যান্ডের অ্যালিস্টার কুকের সঙ্গে যৌথভাবে পাঁচে টেলরের ইনিংসটি।