অস্ট্রেলিয়া-আইসিসির নিরাপত্তা কর্মকর্তা ঢাকায়
বড়দিন চলে গেছে, তবে ইংরেজি নববর্ষ বাকি। বাংলাদেশে অস্ট্রেলিয়ার নাগরিকদের জন্য সতর্কবার্তাটা তাই এখনো বহাল রেখেছে সে দেশের সরকার। তবে এর মধ্যেই কাল রাতে দুদিনের সফরে বাংলাদেশে এসেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা-প্রধান শন ক্যারল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে এখানকার নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নিতেই এই সফর।
ক্যারলের আগে কাল বিকেলে ঢাকায় এসেছেন আইসিসির নিরাপত্তা-প্রধান শন নরিসও। তাঁরা দুজনই আজ বিভিন্ন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে যুব বিশ্বকাপের নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে জানবেন।
জানুয়ারি-ফেব্রুয়ারির টুর্নামেন্টের জন্য আইসিসির নিরাপত্তা শঙ্কা আগেই দূর হয়ে যাওয়ায় নরিসের ভূমিকা বাংলাদেশের পক্ষে থাকবে বলে আশা বিসিবির। ক্যরলের সফরটাকেও দেখা হচ্ছে আনুষ্ঠানিকতা হিসেবে। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসের ভাষায়, ‘আগের মতো এবারও সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা দেওয়ারই প্রতিশ্রুতি দিয়েছি আইসিসিকে। আমার বিশ্বাস ক্রিকেট অস্ট্রেলিয়া তাতে সন্তুষ্ট হবে।’
এর আগে নিরাপত্তার কারণ দেখিয়ে বংলাদেশে টেস্ট দলের সফর স্থগিত করে অস্ট্রেলিয়া। তখনো ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রতিনিধিদল এসেছিল ক্যারলের নেতৃত্বে।