অস্ট্রেলীয় টপ-অর্ডারে পর্যুদস্ত ভারত

সিডনি ক্রিকেট গ্রাউন্ডেই শন অ্যাবটের বাউন্সারে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে গিয়েছিলেন ফিল হিউজ। ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে এই সিডনিতেই যেন হিউজের স্মৃতিতে উন্মাতাল অস্ট্রেলীয় ব্যাটসম্যানরা। ডেভিড ওয়ার্নারের আরও একটি আবেগঘন সেঞ্চুরি আর ক্রিস রজার্স, স্টিভেন স্মিথ ও শেন ওয়াটসনের অনবদ্য তিনটি ফিফটিতে সিডনিতে কঠিন একটি দিন কাটালেন ভারতীয় বোলাররা। প্রথম দিনের ৯০ ওভার শেষে টসজয়ী অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ৩৪৮।
কোনো সন্দেহ নেই, বিশাল এক সংগ্রহের পথেই এগিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথ অপরাজিত আছেন ৮২ রানে, ওয়াটসন ৬১ রানে। ওয়ার্নার আর রজার্স বেশ দ্রুততার সঙ্গেই গড়ে তোলেন ২০০ রানের উদ্বোধনী জুটি। রজার্স ৯৫ রানে আউট হলেও নিজের সেঞ্চুরিটা (১০১) ঠিকই পূর্ণ করেছেন ওয়ার্নার। ভারতের বিপক্ষে দেশের মাটিতে এই প্রথমবারের মতো কোনো ইনিংসে অস্ট্রেলিয়ার চার টপঅর্ডার খেললেন পঞ্চাশোর্ধ ইনিংস।
গোটা দিনে ভারতীয়দের সাফল্য বলতে ওই রজার্স আর ওয়ার্নারের উইকেট দুটোই। চা-বিরতির আগে-পরে দুই থিতু ব্যাটসম্যানকে আউট করে ভারতীয় শিবিরে আশার সঞ্চার হলেও সেই আশার গুড়ে বালি ঢেলে দেয় স্মিথ-ওয়াটসন জুটি। ২০০ রানের উদ্বোধনী জুটির পর অস্ট্রেলীয় অধিনায়ক স্মিথ ও ওয়াটসন অবিচ্ছিন্ন থেকে গড়েন ১৪৪ রানের জুটি। এই দুটি জুটিতেই সিডনি টেস্টের প্রথম দিনটা একেবারে নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া।
ভারতের পক্ষে দুটো উইকেট মোহাম্মদ শামি ও রবিচন্দ্রন অশ্বিনের। শামির বলেই সেঞ্চুরি থেকে মাত্র পাঁচ রান দূরে বোল্ড হন রজার্স। অশ্বিনের বলে গালিতে মুরলি বিজয়ের ক্যাচে পরিণত হন ওয়ার্নার।
ক্রিস রজার্স আজ পেলেন সিরিজে টানা পঞ্চম ফিফটি। এর মাধ্যমে একটা রেকর্ডেরও অংশীদার তিনি। রজার্স হচ্ছেন একমাত্র অস্ট্রেলীয় ওপেনার, যিনি কোনো সিরিজে সেঞ্চুরি ব্যতিরেকে পেলেন টানা পাঁচটি ফিফটি। ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ড আছে রজার্স ছাড়াও আর তিন অস্ট্রেলীয় ক্রিকেটারের। সূত্র: স্টারস্পোর্টস