অস্ট্রেলীয় অধিনায়কেরা কেউ পারেননি, স্মিথ পারলেন

অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ, রিকি পন্টিং...শুধু অস্ট্রেলিয়ার নয়; ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়কদের তালিকায় থাকবে নামগুলো। স্টিভ স্মিথের যাত্রা তো মাত্রই কদিনের। অধিনায়ক হিসেবে তিনি কোথায় গিয়ে থামবেন তা বলার সময় আসেনি। তবে অস্ট্রেলীয় অধিনায়কদের এক কীর্তিতে এরই মধ্যে সবার ওপরে চলে গেলেন—ভারতে টেস্টে সবচেয়ে বড় ইনিংস এখন তাঁর। প্রথম অস্ট্রেলীয় অধিনায়ক হিসেবে ভারতের মাটিতে ১৫০ রানের ইনিংস খেলার কীর্তিও গড়লেন।
স্মিথের অপরাজিত ১৫৩ রানে অস্ট্রেলিয়া রাঁচি টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্ন বিরতির আগে ৪০০ ছুঁয়েছে। ৭ উইকেটে ৪০১ রান তাদের। রবীন্দ্র জাদেজার আগের ওভারে ম্যাথু ওয়েড আর প্যাট কামিন্স ফিরে গেলে অস্ট্রেলিয়া অবশ্য চাপে পড়ে গেছে। না হলে আরও বড় পুঁজির দিকে ভালোমতোই ছুটছিল অস্ট্রেলিয়া।
মূল কৃতিত্ব স্মিথের। আগের রাতে ৮২ রানে অপরাজিত ম্যাক্সওয়েল আজ ১০৪ রান করে বিদায় নিলেও স্মিথ অন্য প্রান্তে অটল। তাঁর ইনিংসটার ওপরই নির্ভর করছে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে কত দূর যেতে পারে। ডাবল সেঞ্চুরি করতে পারলে যেকোনো দল মিলিয়েই ভারতের মাটিতে ডাবল সেঞ্চুরি করা দ্বিতীয় সফরকারী অধিনায়ক হবেন। যে কীর্তি কেবল আছে ক্লাইভ লয়েডের।
স্মিথ অবশ্য এরই মধ্যে অস্ট্রেলীয় অধিনায়কের ইনিংসটা রেকর্ড ভেঙেছেন। চিরস্মরণীয় সেই ত্রয়ী নয়; ভারতে অস্ট্রেলীয় অধিনায়কদের সর্বোচ্চ ইনিংসটা ছিল মাইকেল ক্লার্কের। ২০১৩ সালের ভারত সফরে চেন্নাইয়ে ১৩০ রানের ইনিংস খেলেছিলেন ক্লার্ক।
গতকাল স্মিথ উইকেটে থাকতে থাকতেই ৮৯ রানে ৩ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। সেখান থেকেই শুরু হয়েছিল স্মিথের লড়াই। ফলে এই ইনিংসের মাহাত্ম্য বাড়ছে আরও।