অস্ট্রেলীয় ক্রিকেটারদের চাকরি নেই

সংকট আরও বাড়ল। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) শর্ত মেনে কালও নতুন চুক্তিতে সই করেননি অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। সুতরাং আজ সকালে ঘুম থেকে উঠেই নিজেদের বেকার হিসেবে আবিষ্কার করবেন স্মিথ-ওয়ার্নাররা। আজ থেকে তাঁরা আর সিএর চুক্তিভুক্ত চাকুরে নন।
ক্রিকেটাররা অবশ্য বলছেন, চাকরি না থাকলেও সমস্যা নেই। ক্রিকেটারদের মুখপাত্র হয়ে কাল জশ হ্যাজলউড বলে দিলেন, ‘বেতন না পেলে ক্ষতি নেই। সিএর অন্যায্য প্রস্তাব মানার চেয়ে বেকার থাকা ভালো।’ ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে দর্শক হয় না, এই যুক্তিতে ওই পর্যায়ে খেলা ক্রিকেটারদের লভ্যাংশ দিতে চাইছে না সিএ। হ্যাজলউডদের আপত্তি এখানেই। অস্ট্রেলীয় ক্রিকেটের এই সংকটের অাঁচ এসে পড়তে পারে বাংলাদেশেও। দুই টেস্টের সিরিজ খেলতে আগামী মাসেই বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ার। সিরিজের ভাগ্যটা ঝুলে গেল ‘যদি’ ‘কিন্তু’র ওপরে।
ক্রিকেটাররা নতুন চুক্তি সই না করায় দুঃখ প্রকাশ করে সিএ বলেছে, এতে চুক্তিহীন ক্রিকেটারদের পরিবারের ওপর আর্থিক ও মানসিক চাপ তৈরি হবে। তবে আপাতত ক্রিকেটারদের বেতন দিতে হবে না ভেবেও খুশি ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রতি ১৫ দিনে খেলোয়াড়দের বেতন-ভাতা বাবদ ১২ লাখ ডলার খরচ হতো। দুই পক্ষ সমঝোতায় না আসা পর্যন্ত এই টাকাটা তৃণমূল ক্রিকেটে খরচ করার ঘোষণা দিয়েছে সিএ। এএফপি।
যা নিয়ে মূল বিরোধ
ঝামেলার মূলে আর্থিক বণ্টনের প্রস্তাবিত নতুন কাঠামো নিয়ে। আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার আয়ের শতকরা ২৫ ভাগ পেতেন অস্ট্রেলিয়ার সব ক্রিকেটার। নতুন প্রস্তাব সব ক্রিকেটার নয়, বাড়তি আয়ের অংশ শুধু আন্তর্জাতিক ক্রিকেটারদের দেওয়ার প্রস্তাব করেছে সিএ। ক্রিকেটারদের সংগঠন দ্য অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ) এই প্রস্তাবের বিরোধিতা করে বলছে, সব পর্যায়ের ক্রিকেটারদের মাঝে বণ্টন করতে হবে বাড়তি আয়ের অংশ।
এখন কী হবে
চুক্তি সই না করায় আজ থেকে অস্ট্রেলিয়ার বেশির ভাগ প্রথম সারির পুরুষ ও নারী ক্রিকেটার বেকার হয়ে পড়েছেন। শঙ্কার মুখে পড়ে গেল অস্ট্রেলিয়ার আগামী মাসের বাংলাদেশ সফর ও সেপ্টেম্বরে ভারত সফর। শঙ্কার কালো মেঘ নভেম্বর-জানুয়ারির অ্যাশেজ ঘিরেও। এত সব অনিশ্চয়তায় সম্প্রচার সংস্থা, স্পনসর, খেলোয়াড় ও প্রশাসক—সবাই শঙ্কিত ভবিষ্যৎ নিয়ে।
অ্যাশেজ কি সত্যিই হবে না
অ্যাশেজের আগে ঝামেলা না মিটলে সিএ এবং এসিএর মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়ে রেখেছে অস্ট্রেলিয়ার সরকার। তাঁদের প্রস্তাব মানা না হলে অ্যাশেজ খেলবেন না, এমনটা আগেই জানিয়ে রেখেছেন সিনিয়র ক্রিকেটাররা। কম যায়নি ক্রিকেট অস্ট্রেলিয়াও। উল্টো খেলোয়াড়দের হুমকি দিয়ে রেখেছে, আজ থেকে কোনো অননুমোদিত ক্রিকেটে তো বটেই, ক্রিকেটাররা বোর্ডের অনুমতি ছাড়া বিদেশি কোনো স্বীকৃত টুর্নামেন্টেও খেলতে পারবেন না। খেললে জুটবে ছয় মাসের নিষেধাজ্ঞা।
খেলোয়াড়েরা কী বলছেন
সিএর কর্মকাণ্ডের কড়া সমালোচক অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ওয়ার্নার বলে দিয়েছেন, আয়বণ্টনের পুরোনো কাঠামোয় ফেরত না গেলে বেকার বসে থাকতেও তাঁদের আপত্তি নেই। ওয়ার্নার এটাও বলেছেন, শুধু কয়েকজন নামীদামি ক্রিকেটার আয়ের অংশ পাবেন সেটা হবে না, ক্রিকেটের লাভের অংশ সব ক্রিকেটারকে ভাগ করে দিতে হবে।
সিএ কেন কঠোর
পুরোনো আয়বণ্টনকাঠামো নিয়ে অনেক দিন ধরেই অসন্তুষ্ট সিএ। ডেভিড পিভার নতুন চেয়ারম্যান হওয়ার পর সংস্থাটি নতুন করে ঢেলে সাজিয়েছে বোর্ডের পরিচালনা ও আর্থিক কাঠামো। পিভার ক্রিকেটারদের সঙ্গে সম্পর্কটাকে সরাসরি চাকরিদাতা-চাকুরে হিসেবে দেখতে চান। তিনি তৃতীয় কোনো পক্ষের (এসিএ) মধ্যস্থতারও বিরোধী। তাই এসিএকে পাশ কাটিয়ে ক্রিকেটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করেছে সিএ। ঝামেলাটা এতে আরও বেড়েছে।