অস্ট্রেলীয় গণমাধ্যমে ভারতকে খোঁচা
প্রায় পাঁচ মাসের সফর। অস্ট্রেলিয়াকে যেন ঘরবাড়িই বানিয়ে ফেলেছিল ভারত। তবু অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি মহেন্দ্র সিং ধোনির দল। বিশ্বকাপ সেমিফাইনালে ৯৫ রানে হারের পর ভারতীয় গণমাধ্যম তো বটেই, ছেড়ে কথা বলছে না অস্ট্রেলিয়ানরাও। ডেইলি টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনের শিরোনাম, ‘এম এস ধোনি ২০১১-এর বীরত্ব ফিরিয়ে আনতে পারেননি, দমিত হয়েই হাল ছাড়তে হলো।’ ধোনির রানআউট নিয়ে বলা হয়েছে, ‘বিশ্বকাপের সেমিফাইনালে ভারতীয় অধিনায়ক স্রেফ হাল ছেড়ে দিলেন! ম্যাক্সওয়েলের থ্রো অসাধারণ ছিল। তবে ধোনি ক্রিজের মাঝপথেই সরে দাঁড়ালেন মনে হলো। কোনো ডাইভ নেই, একবার শেষ চেষ্টাও করে দেখলেন না। গর্তে ঢুকে গেলেন। তার সঙ্গে ভারতের শেষ আশাটুকুও শেষ।’ বিস্মিত সাবেক ইংল্যান্ড ব্যাটসম্যান কেভিন পিটারসেনও, ‘আমি জানি না ধোনি ওইখানে কী করছিল...সে পৌঁছাতে পারত। অবশ্যই পারত।’ সিডনি মর্নিং হেরাল্ড তো ধোনির ইনিংসকে ‘অদ্ভুত’ই বলেছে, ‘ইনিংসের সঙ্গে মিল রাখতেই যেন ধোনি ক্রিজে পৌঁছানোর একটুও চেষ্টা করলেন না।’
শুধু সেমিফাইনাল নয়, অস্ট্রেলীয় গ্রীষ্মজুড়েই ভারতের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছে অস্ট্রেলিয়ান মিডিয়া, ‘হতে পারে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন। তবে গ্রীষ্মজুড়ে অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের যেমন পারফরম্যান্স, তাতে সেমিফাইনাল থেকে বিদায় নিয়ে তারা খুব একটা হতাশ নয় নিশ্চয়ই!’
সিডনিতে অস্ট্রেলীয়দের চেয়ে ভারতীয় সমর্থক ছিল বেশি, ‘খোঁচা’ দেওয়া হচ্ছে সেটি নিয়েও, ‘ভারতীয় খেলোয়াড়েরা নিশ্চয়ই ঘরে ফিরতে পেরে খুশি, যেমন খুশি তাদের সমর্থকেরা, যারা খেলোয়াড়দের আগেই এসসিজি ছেড়ে চলে গিয়েছিল।’ বিরাট কোহলি বা তার বান্ধবী আনুশকা শর্মাকেও ছেড়ে কথা বলেনি তারা, ‘৪২৩৩০ জন দর্শকের বেশির ভাগই যখন নীল রঙের অনুসারী, তখন অস্ট্রেলীয়দের মনে হতেই পারে, তারা মুর পার্কে নয়, মুম্বাইয়ে আছে। বিরাট কোহলির বান্ধবীর ছবি বড় পর্দায় গণতোষামদের জন্যই দেখানো হলো।’ কোহলি সম্পর্কে আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, ‘একটি ক্যাচ, একটি ছেড়ে দেওয়া ক্যাচ, এক রান আর একজন বেদনাহত তারকা বান্ধবী। বিরাট কোহলি, প্রায়ই যিনি অস্ট্রেলিয়াকে যন্ত্রণা দিয়েছেন, বিশ্বকাপ সেমিফাইনালে ভুলে যাওয়ার মতো একটি ম্যাচ পেলেন।’ পিটিআই।