অস্ত্রোপচার পেছালেন স্টার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া টেস্ট খেলতে যাবে নিউজিল্যান্ডে। এই দুটি সফরের কথা মাথায় রেখেই মিচেল স্টার্ক সিদ্ধান্ত নিলেন এখনই অ্যাঙ্কেলে অস্ত্রোপচার করাবেন না।
মিচেল স্টার্ককে ডান পায়ের অ্যাঙ্কেলটা কম ভোগায়নি। সর্বশেষ অ্যাডিলেড টেস্টেই এটি নতুন করে হানা দেওয়ায় প্রথম দিনের পর আর বল করতে পারেননি অস্ট্রেলিয়ার বাঁহাতি ফাস্ট বোলার। ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্টের দুই ইনিংসেই অবশ্য ব্যাট করেছেন, খুঁড়িয়ে খুঁড়িয়ে নিয়েছেন অস্ট্রেলিয়ার জয়সূচক রানটাও। কিন্তু আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা আর খেলা হচ্ছে এই সময়ের অন্যতম সেরা পেসারের। ক্রিকেট অস্ট্রেলিয়া কাল জানিয়ে দিয়েছে স্টার্কের ডান পায়ের অবস্থা পর্যবেক্ষণ করছে তারা।
অ্যাঙ্কেলের এই চোট নিয়েই সারাটা বছর দুর্দান্ত বল করে যাওয়া ২৫ বছর বয়সী ফাস্ট বোলার আশাবাদী নিউজিল্যান্ড সফরের আগেই সুস্থ হয়ে যাবেন, ‘এমন তো না যে পায়ের কারণে আমি এই গ্রীষ্মে আর খেলতেই পারব না। তাই অস্ত্রোপচার করিয়ে আরও বেশি সময় নষ্ট করার কোনো কারণ নেই। অ্যাঙ্কেলের অবস্থা ভালোর দিকেই যাচ্ছে। তবে ঠিক কবে নাগাদ পুরোপুরি সেরে উঠব, সেটা বলতে পারছি না।’
গোলাপি টেস্টে চোট নিয়েও কেন ব্যাটিং করতে নামলেন সেটিরও ব্যাখ্যা দিয়েছেন স্টার্ক, ‘তখন স্পিনাররা বল করছিল। তখন সে (স্টিভ স্মিথ) জিজ্ঞেস করল আমি উইকেটে গিয়ে স্লগ করতে পারব কি না। ভেবেছিলাম স্পিনাররা সরে গেলে আমাকে আর যেতে হবে না কিন্তু শেষ পর্যন্ত নামতেই হলো। ভাগ্য ভালো, আমরা জিতেছি।’ ক্রিকইনফো, রয়টার্স।