অস্ত্রোপচারের আগে নির্ভার মুস্তাফিজ

আজ স্থানীয় সময় বেলা ১১টায় হবে একটা রুটিন পরীক্ষা। সেটির রিপোর্ট পাওয়ার পর দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে মুস্তাফিজুর রহমান ঢুকবেন অস্ত্রোপচারকক্ষে। বাঁহাতি এই পেসারের জন্য এটাই হবে প্রথম ছুরির নিচে যাওয়ার অভিজ্ঞতা। তবু অস্ত্রোপচারের আগের দিনটা নাকি অনেক নির্ভার কেটেছে তাঁর।
লন্ডনে যাওয়ার পর থেকে মুস্তাফিজ আছেন সেন্ট পিটার্স স্কুল অব লন্ডনের প্রিন্সিপাল এ জি এম সাব্বিরের বাসায়। ভিনদেশের পরিবেশ আর খাওয়াদাওয়ায় এখনো অভ্যস্ত নন বলেই এই প্রবাসী বাংলাদেশির বাসায় থাকা। সাব্বির কাল টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘ওর (মুস্তাফিজ) মধ্যে অপারেশন নিয়ে কোনো টেনশন দেখছি না। বেশ হাসিখুশি আছে। এখন আমরা গাড়িতে করে ঘুরছি।’
সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টিতে দ্বিতীয় ম্যাচে বাঁ কাঁধে চোট পান মুস্তাফিজ। একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর সেখানকার চিকিৎসকেরা অস্ত্রোপচারের পরামর্শ দেন। কেনসিংটনের বুপা ক্রমওয়েল হাসপাতালের শল্যবিদ অ্যান্ড্রু ওয়ালেসের হাতে আজ হতে যাচ্ছে সেই অস্ত্রোপচার। শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, এউইন মরগানসহ অনেক খেলোয়াড়ের শরীরেই ছুরি চালিয়েছেন ওয়ালেস। তবে মুস্তাফিজের ‘টেলিস্কোপ সার্জারি’ নামের অস্ত্রোপচারে কাটা-ছেঁড়া খুব বেশি করতে হয় না। বাঁ কাঁধ ও বাহুর সংযোগস্থলের সামনে ও পেছনে দুটি ছিদ্র করা হবে। সেই ছিদ্র দিয়েই মেরামত করা হবে চোট পাওয়া জায়গা। ওয়ালেসের ফি সাড়ে ৪ হাজার পাউন্ডসহ মুস্তাফিজের অস্ত্রোপচারে বিসিবির খরচ পড়ছে প্রায় সাড়ে ৯ হাজার পাউন্ড। এর আগে টনি কোচারকে দেখানো এবং প্রথম দুটি এমআরআই-এর খরচ বহন করেছে সাসেক্স।
অস্ত্রোপচার করতে সময় লাগবে ২০ থেকে ৪০ মিনিট। এরপর হাসপাতালে ছয় ঘণ্টার পর্যবেক্ষণে রাখার নিয়ম। তবে মুস্তাফিজ হাসপাতালে থেকে যাবেন আজ রাতটাই। ৪৮ ঘণ্টা পর পর্যবেক্ষণের জন্য আরেকবার হাসপাতালে যাবেন। তখন সবকিছু ঠিকঠাক পাওয়া গেলে আগামী রোববার থেকে যেকোনো সময় মুস্তাফিজ রওনা দেবেন দেশের উদ্দেশে। অস্ত্রোপচারের সময় তাঁর পাশে থাকতে বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী রয়েছেন ইংল্যান্ডে। তাঁর সঙ্গেই দেশে ফিরবেন মুস্তাফিজ।
মুস্তাফিজকে অভয় দিতে আজ ক্রমওয়েল হাসপাতালে যাবেন বিসিবির সভাপতি নাজমুল হাসানও। আইসিসির একটি সভায় যোগ দিতে বর্তমানে ইংল্যান্ডে আছেন তিনি।