অস্বস্তিতে শুরু উইন্ডিজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যামাইকার কিংস্টন ফাস্ট বোলারদের চারণভূমি। গত ১০ বছরে টেস্টে স্যাবাইনা পার্কেই সবচেয়ে বেশি রাজত্ব করেছেন পেসাররা। এমন এক মাঠে সবাই তো বোলিংই করতে চাইবেন। কিন্তু কাল খানিকটা অবাকই করলেন জেসন হোল্ডার। টস জিতে ব্যাটিং নিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। মাত্র ১৩১ রানে ৭ উইকেট হারিয়ে সিদ্ধান্তটি ভুল প্রমাণ করেছে স্বাগতিক দল।
টসে হারাটা তাই ‘শাপে বর’ হলো ভারতের জন্য। টসের সময় রৌদ্রোজ্জ্বল আকাশটাই মুখ গোমড়া করে ফেলল ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে নামার খানিক আগে। মেঘলা আকাশ, কিংস্টনের পিচ-উপযুক্ত পরিবেশ পেয়ে পুরো ফায়দা তুললেন ইশান্ত শর্মা ও মোহাম্মদ শামি। তৃতীয় ওভারে ইশান্তের টানা দুই বলে ফিরলেন ক্রেগ ব্রাফেট ও ড্যারেন ব্রাভো। ষষ্ঠ ওভারের প্রথম বলে ফিরলেন রাজেন্দ্র চন্দ্রিকাও, শামির বলে ক্যাচ দিয়ে।
এরপরই নামলেন জার্মেইন ব্ল্যাকউড। সবচেয়ে মনোমুগ্ধকর সময়ের শুরুটাও হলো তখন। স্ট্রোকের দ্যুতিতে ভাস্বর এক ইনিংস খেললেন। নিজের ৩০তম বলে যখন রানের খাতা খুললেন স্যামুয়েলস, ততক্ষণে ২৭ বলে ২৮ রান করে ফেলেছেন ব্ল্যাকউড, তাতে ৫টি চার ও ১টি ছক্কা। নিজের তৃতীয় ছক্কাটি মেরে ফিফটি পেলেন ৪৭ বলে।
কিন্তু বিরতির ঠিক আগের ওভারেই রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হয়ে যান ৬২ বলে ৬২ করা ব্ল্যাকউড। এরপর স্যামুয়েলসকেও (৩৭) ফিরিয়েছেন অশ্বিন। এই প্রতিবেদন লেখার সময় ৩৮ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৭ রান ওয়েস্ট ইন্ডিজের। টেন ক্রিকেট।