অস্বস্তিতে শ্রীলঙ্কা ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্তর্বর্তী কমিটি নিয়ে ঝামেলাতেই পড়ে গেল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি কাল জানিয়ে দিয়েছে ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় ও অন্তর্বর্তী কমিটি গঠন করে আইসিসির গঠনতন্ত্রবিরোধী কাজ করেছে শ্রীলঙ্কা। এখন ইচ্ছে করলেই আইসিসি এসএলসির সদস্যপদ স্থগিত করতে পারে। আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের এই চিঠি পেয়েই নড়েচড়ে বসেছেন শ্রীলঙ্কার ক্রিকেট-কর্তারা।

যাঁর নির্দেশে সিদাথ ওয়েতিমুনির নেতৃত্বে নয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে সেই ক্রীড়ামন্ত্রী নাবিন দিসানায়েকে আইসিসিকে বোঝানোর দায়িত্ব নিয়েছেন। ঠিক কোন পরিস্থিতির কারণে গঠন করা হয়েছে নতুন কমিটি, তা জানিয়ে দিসানায়েকে বলেছেন এ নিয়ে আজকালের মধ্যেই আইসিসির চেয়ারম্যান এন শ্রীনিবাসনের সঙ্গে কথা বলবেন তাঁরা। শ্রীলঙ্কার আইনে আছে দেশটির সব ক্রীড়া সংস্থাকেই ৩১ মার্চের মধ্যে বার্ষিক নির্বাচন শেষ করতে হবে, নইলে বিলুপ্ত হবে সংশ্লিষ্ট বোর্ড। বিশ্বকাপ ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকায় সময়মতো নির্বাচন করতে পারেনি এসএলসি।
শ্রীলঙ্কার ক্রিকেটে অবশ্য অন্তর্বর্তী কমিটিতে নতুন কিছু নয়। ২০০৪ থেকে ২০১২ সালের মধ্যে সরকারের নিয়োগ দেওয়া নয়টি অন্তর্বর্তী কমিটি এসএলসির কাজ চালিয়েছে। তবে আইসিসি এর আগে কখনোই শ্রীলঙ্কাকে শাস্তি দেওয়া দূরে থাকুক বহিষ্কারের হুমকিও দেয়নি। ক্রিকইনফো।