অস্বস্তির সঙ্গে আছে স্বস্তিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দুই ম্যাচের তুলনায় পরের দুই ম্যাচেই পরীক্ষা-নিরীক্ষা বেশি চালানোর কথা ছিল। শেষ দুই ম্যাচে কি তাহলে আরও নতুন কিছু করতে চাইবেন?
মাশরাফি বিন মুর্তজা: শুরুর দুই ম্যাচে জেতাই ছিল প্রথম লক্ষ্য। সে তুলনায় শেষ দুই ম্যাচে অনেক কিছু দেখব বলে ঠিক করে রেখেছিলাম। চোটাঘাতের কারণে এখন তো সেসব বাধ্য হয়েই করতে হবে।
কাল খেলা শেষে শেখ আবু নাসের স্টেডিয়ামে দাঁড়িয়ে অধিনায়ক ইঙ্গিত করলেন আসলে মুশফিকুর রহিমের চোটের দিকেই। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা পেয়ে সিরিজ থেকে তো বটেই, আশঙ্কা জেগেছে সপ্তাহ দুই-তিনেকের জন্যই মুশফিকের মাঠের বাইরে চলে যাওয়ার। কাজেই ব্যাটিং অর্ডারের গবেষণায় এখন নতুন করে ভাবতেই হচ্ছে টিম ম্যানেজমেন্টকে।
এই দুঃসংবাদের সঙ্গে সুসংবাদ হলো, গতকালের দ্বিতীয় টি-টোয়েন্টির ব্যাটিং-বোলিং দুটিই বাংলাদেশ দলের জন্য আশা-জাগানিয়া। মাশরাফির বাড়তি দাবি হলো, ‘যে ৩০-৪০ করবে তাকে আরেকটু বড় ইনিংস খেলতে হবে।’ কিছু জায়গা আছে সব সময়ই উন্নতি করা যায়। সেসব জায়গা নিয়েই বেশি বেশি কাজ করার পক্ষে অধিনায়ক। কালকের ম্যাচে দুটি ক্যাচ পড়ার পর ফিল্ডিংয়ের উন্নতিও চলে আসছে সে তালিকায়।
তবে টি-টোয়েন্টিতে শতভাগ নিখুঁত ম্যাচ খেলা কঠিনই মানছেন মাশরাফি। সে জন্য এক-দুই করে রান বাড়ানোর প্রয়োজনের সময় সেটা করতে না পারলেও পরে বাউন্ডারি দিয়ে তা পুষিয়ে নিতে হয়। মোট কথা, যেভাবেই হোক শেষ পর্যন্ত ড্রেসিংরুম থেকে নিয়ে যাওয়া লক্ষ্য পূরণ করে আসাই জরুরি।
প্রথম ম্যাচে জ্বলে উঠেছিলেন ব্যাটসম্যান সাব্বির। আর কাল তো তাঁর অলরাউন্ড নৈপুণ্যই জয়ের পথকে সহজ করল। এমন খেলোয়াড়কে যেকোনো অধিনায়কই প্রশংসায় ভাসাবেন। সঙ্গে বেড়ে যায় তাঁকে ঘিরে প্রত্যাশাও। মাশরাফি যেমন বলছিলেন, ‘একজন ব্যাটসম্যান যদি ভালো বোলিংও করতে পারে তার জন্য সেটা সব সময়ই বাড়তি সুবিধা। শুধু তার জন্য না, পুরো দলের জন্যই। ব্যাটসম্যান হিসেবে সাব্বির ভালো। সঙ্গে বোলিংটাও ভালো করছে। এভাবে যদি বল করে সাহায্য করতে পারে তাহলে তো দলের জন্য খুবই ভালো।’
লেগ স্পিন করেন বলেই সাব্বিরের বোলিং নিয়ে বেশি উৎসাহী মাশরাফি। এ রকম একটা অস্ত্র হাতে থাকলে যে ব্রেক থ্রুর প্রয়োজনে অধিনায়কের দুশ্চিন্তা কমে যায় অনেকটাই! মুশফিকের চোটে তৈরি হওয়া অস্বস্তির মধ্যে সাব্বিরের অলরাউন্ড চেহারা নিয়ে আসছে একটা স্বস্তিও।