অ্যাকশনের পরীক্ষা দিয়ে ফিরেছেন সোহাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহাগ গাজী
সোহাগ গাজী

কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল্যাবে পরীক্ষা দিতে গিয়ে সোহাগ গাজী দেখলেন, পরীক্ষার্থী আছেন আরেকজন! জিম্বাবুয়ের প্রসপার উতসেয়ার বোলিং অ্যাকশনের পরীক্ষাও ছিল গত পরশু। দুই অফ স্পিনারই এখন ফলাফলের অপেক্ষায়। ওয়েস্ট ইন্ডিজ থেকে বাংলাদেশ দল দেশে ফিরেছে কাল সকালে। আর আগেই ক্যারিবীয় থেকে ফিরে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে ব্রিটেনে যাওয়া সোহাগ ফিরলেন কাল বিকেলে।

পরীক্ষায় ৫ ওভার বোলিং করানো হয়েছে সোহাগকে। বলা হয়েছিল যতটা সম্ভব ম্যাচ বোলিং অ্যাকশনের মতো করেই বোলিং করতে। সোহাগও চেষ্টা করেছেন সেভাবেই। অফ ব্রেকের পাশাপাশি সোহাগের বোলিংয়ে যে বৈচিত্র্য আছে—সোজা ডেলিভারি আর জোরের ওপর করা বল, সেগুলোও করে দেখাতে হয়েছে সোহাগকে। দেশে ফিরে বিমানবন্দরে বেশ আত্মবিশ্বাসী শোনাল এই অফ স্পিনারের কণ্ঠ, ‘আমি আশাবাদী যে আমার বোলিং বৈধ বলেই প্রমাণিত হবে। সবার কাছে আমি দোয়াপ্রার্থী।’

এমনিতে পরীক্ষার খুঁটিনাটি নিয়ে মুখ খুলতে মানা সোহাগদের। তবে ঘনিষ্ঠজনদের সোহাগ বলেছেন, তাঁর হাত ১০-১২ ডিগ্রির বেশি সম্প্রসারিত হয় না বলে ধারণা তাঁর।