
কত রণপরিকল্পনাই না কাল রাতে সাজিয়েছে বাংলাদেশ! ৮৮ রানে এগিয়ে থেকে মিরপুর টেস্টের তৃতীয় দিনটা আজ শুরু করবেন তামিম-সাকিবরা। হাতে ৯ উইকেট। অস্ট্রেলিয়াকে ঠিক কত রানের লক্ষ্য দেওয়া উচিত, সেটিই নিশ্চয়ই পরিকল্পনার মূল অংশ।
কিন্তু অ্যাস্টন অ্যাগারের কথা শুনে মনে হলো, বাংলাদেশ যদি রাতভরও পরিকল্পনা করে, সেটি ‘বেগার খাটুনিই’ হয়েছে। কাল দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে অস্ট্রেলিয়ান বাঁহাতি স্পিনার বলে গেলেন, লক্ষ্য যত বড়ই হোক অস্ট্রেলিয়া তাতে ডরায় না!
যেখানে মিরপুরে দুই শ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ডই মাত্র দুটি (সর্বোচ্চ ২০৯, বাংলাদেশের বিপক্ষে ২০১০ সালে জিতেছে ইংল্যান্ড), বাংলাদেশ স্পিনার মেহেদী মিরাজও যেখানে ঠারেঠোরে ‘৩০০-এর বেশি’ রানের লক্ষ্যের কথা জানিয়ে গেলেন, সেখানে এমন ঘূর্ণি পিচে চতুর্থ ইনিংসেও যেকোনো লক্ষ্যই অ্যাগারের কাছে ‘কুচ পরোয়া নেহি’!
চিরায়ত অস্ট্রেলিয়ান আত্মবিশ্বাস? হয়তো। কিন্তু অ্যাগারের কণ্ঠ নিষ্কম্প, ‘বিশ্বাস করি, আমরা যেকোনো স্কোরই তাড়া করতে পারব। ওদের কাল দ্রুতই আউট করতে পারব আশা করি। উইকেটের যা অবস্থা, তাতে যেকোনো লিডই চ্যালেঞ্জিং। তবে আমি নিশ্চিত, আমাদের ব্যাটসম্যানরা প্রথম ইনিংস থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করবে।’

পিচ সিরিজের শুরু থেকেই সবচেয়ে আলোচিত ব্যাপার, কাল অ্যাগারের সংবাদ সম্মেলনেও পিচই আলোচনায় এল। দ্বিতীয় দিনেই বল মাঝে মাঝে নিচু হয়ে আসছিল, ঘুরছিলও বেশ। অ্যাগারও স্বীকার করলেন, ‘ব্যাটিংয়ের জন্য পিচটা একটু কঠিন হয়ে উঠছে। উইকেটের যে অংশে এখনো ভাঙন ধরেনি, সেখানে পড়েও বল একটু বেশি ঘুরতে শুরু করেছে। আগামী দুই দিন চ্যালেঞ্জিং টেস্ট ক্রিকেটই হবে।’
চ্যালেঞ্জটা বাংলাদেশের জন্য বাড়িয়ে দিয়েছেন অ্যাগারই। অস্ট্রেলিয়া ১২৪ রানে ৭ উইকেট হারানোর পর নেমে করেছেন ৪১ রান। ৯৭ বলের ধীরস্থির ইনিংসটিতে বাংলাদেশের বোলারদের বিরক্তও করে ছেড়েছেন। ‘দেখেশুনে খেলা, বলের ঘূর্ণি মেনে (উইথ দ্য স্পিন) খেলা’তেই ইনিংসের রহস্য লুকিয়ে আছে বলে জানালেন। তবে কাজটা যে সহজও ছিল না, সেটি আবার বুঝিয়ে দিলেন বাংলাদেশি স্পিনারদের বিশেষ করে সাকিব আল হাসানের প্রশংসা করে, ‘বাংলাদেশি বোলাররা দীর্ঘ সময় ধরে নিখুঁত বোলিং করেছে। পুরস্কারও পেয়েছে। সাকিব ৫ উইকেট পেয়েছে। অসাধারণ বোলিং করেছে ও। এমন ভালো জায়গায় বল ফেললে রান নেওয়া কঠিনই।’
তিনি নিজেও স্পিনার। উপমহাদেশে তাঁর প্রথম সিরিজও এটি। ব্যাটিংয়ের জন্য যতই কঠিন হোক, স্পিনার হিসেবে এই উইকেট কতটা পছন্দ সেটিও জানিয়ে গেলেন। আর এই উইকেটে দুর্দান্ত কিছু করতে দলের বোলিং উপদেষ্টা সাবেক ভারতীয় স্পিনার শ্রীধরন শ্রীরামের সঙ্গে পরশু বৃষ্টি-বিরতির সময়ও লেংথ নিয়ে কাজ করেছেন।
তবে বাংলাদেশি স্পিনাররা নিশ্চয়ই চাইবেন, তাঁদের চিরদিনের ‘বন্ধু’ উইকেটটা অস্ট্রেলিয়ান অতিথিদের নয়, তাঁদের পছন্দকেই বেশি সম্মান করবে। ম্যাচের ভাগ্য যে লেখা সেখানেই।