অ্যাগারের অপেক্ষার শেষ ঢাকাতেই?

বিসিবি একাডেমি মাঠের সেন্টার উইকেটে নাথান লায়নের সঙ্গে টানা বোলিং করে গেলেন অ্যাশটন অ্যাগার। দুই স্পিনারকে একে একে খেললেন অস্ট্রেলিয়া দলের সব ব্যাটসম্যান। কাল কোচ ড্যারেন লেম্যান ইঙ্গিত দিয়েছিলেন, ঢাকা টেস্টে অস্ট্রেলিয়ার স্পিন আক্রমণে লায়নের সঙ্গী হতে পারেন অ্যাগার। ২৩ বছর বয়সী এ বাঁহাতি স্পিনারের কথাতেও বোঝা গেল, তাঁর খেলার সম্ভাবনা উজ্জ্বল।
মিরপুরে সাদা পোশাকে মাঠে নামার সুযোগ পেলে চার বছর পর টেস্ট খেলা হবে অ্যাগারের। অথচ ক্রিকেটের অভিজাত সংস্করণে তাঁর শুরুটা কী দুর্দান্তই হয়েছিল! ২০১৩ সালের জুলাইয়ে ট্রেন্টব্রিজে টেস্ট অভিষেকেই ইংল্যান্ডের বিপক্ষে ১১ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৯৮ রানের ইনিংস খেলেছিলেন অ্যাগার। যেটি এখনো ১১ নম্বরে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের ইনিংস। ওই ইনিংসের পর অ্যাগার-বন্দনায় ভেসেছিল গোটা অস্ট্রেলিয়া। দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত দিনটিকে ঘোষণা করেছিলেন ‘অ্যাশটন অ্যাগার ডে’ হিসেবে!
সংবাদমাধ্যমে তখন শুধুই অ্যাগার-কীর্তন, এমনকি ফেসবুকেও ‘স্যার অ্যাশটন অ্যাগার’ নামে একটি পেজও খোলা হয়েছিল। অ্যাশেজেতে ৫০.২৪ গড়ে ১৬৫৮ রান করা জাস্টিন ল্যাঙ্গারের স্তুতিটা ছিল সবচেয়ে মজার, ‘অ্যাশটন দেখতে সুদর্শন, দারুণ অ্যাথলেট, আইনে পড়াশোনা করছে, পরিবারও খুব ভালো...ও চাইলে আমার চার মেয়ের যে কাউকে বিয়ে করতে পারে’! কিন্তু হঠাৎই প্রাপ্তির আলোয় ঝলমল এই বিস্ময়-তরুণের ক্যারিয়ারে যে দ্রুত আঁধার নেমে আসবে, তা জানত কে?
অভিষেক সিরিজের পর আর টেস্টই খেলা হয়নি অ্যাগারের। বোলিংয়ে ভালো করতে না পারায় দুই টেস্ট খেলে সেই যে বাদ পড়লেন, চার বছর পর সুযোগ পেলেন এবার বাংলাদেশ সফরে। স্বপ্নের শুরুর পর দীর্ঘদিন দলের বাইরে থাকায় সময়টা যে ভীষণ কঠিন ছিল, আজ সেটিই বললেন অ্যাগার, ‘অবশ্যই কঠিন সময় গেছে। তবে পেছন ফিরে দেখি, তখন আমার বয়স ছিল ১৯। যদি সবকিছু চিন্তা করি, জীবনটা ভালোই গেছে। এখন আমার বয়স ২৩। অনেক ভালো আছি।’
তবে দলের বাইরে থাকার এই সময়ে অ্যাগার অনেক কিছু শিখেছেন। চেষ্টা করেছেন ‘পরিশ্রমের আগুনে’ খাঁটি হতে। এবার দলে সুযোগ পেলে আবারও কি দেখা যাবে তাঁর সেই ব্যাটিং-ঝলক? অ্যাগার কিন্তু বেশ আশাবাদী, ‘ক্রিকেটের সবকিছু নিয়েই সমানভাবে কাজ করেছি (এই চার বছরে)। খেলাটা উপভোগ করি সে কারণেই। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং—সবকিছুতে নিজেকে যুক্ত রাখি। নিজের ব্যাটিং নিয়ে আমি গর্ব করি। যদি সুযোগ পাই, আশা করি কিছু রান করতে পারব।’