অ্যাডিলেডে নেতৃত্বে কোহলি

অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে কাল শুরু হতে যাওয়া টেস্টে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন বিরাট কোহলি। নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আঙুলের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের কঠিন সফরের শুরুটা হচ্ছে কোহলির হাত ধরেই।
ধোনির অবর্তমানে প্রথম টেস্টে নেতৃত্ব দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন কোহলি নিজেই। একই সঙ্গে জানিয়েছেন, অধিনায়ক হিসেবে নিজের সক্ষমতা প্রমাণে তিনি বদ্ধপরিকর।
টেস্ট অধিনায়ক হিসেবে যথেষ্ট সমালোচিত ধোনি এবারের অস্ট্রেলিয়া সফরে সবার অণুবীক্ষণের অধীনেই থাকবেন। ইংল্যান্ডের মাটিতে ভারতের ৩-১ সিরিজ হারের পর ভারতের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার তাঁর অপসারণ দাবি করেছিলেন। ধোনির অধীনেই ২০১১-১২ মৌসুমে অস্ট্রেলিয়ার মাটি থেকে ৪-০ ব্যবধানে সিরিজ হারের লজ্জা নিয়ে ফিরতে হয় ভারতকে। অ্যাডিলেডের প্রথম টেস্টে কোহলির অধিনায়কত্ব তাই ভারতীয় ক্রিকেটের রূপান্তকরকালীন একটি বিষয় হিসেবেই দেখা হচ্ছে।
অধিনায়কত্বের দায়িত্ব নিয়েই ধোনির সঙ্গে নিজের পার্থক্যের বিষয়টি অকপটে জানিয়ে দিয়েছেন কোহলি। অধিনায়কত্বের ব্যাপারে তিনি তাঁর অনুভবের ওপরই নির্ভরশীল বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, মাঠে তিনি সেটাই করবেন, যার প্রয়োজনীয়তা তিনি অনুভব করবেন। একই সঙ্গে আশ্বস্ত করেছেন, মাঠে অধিনায়কত্বের ব্যাপারে তাঁর কাছ থেকে নতুন কিছুই দেখবে ভারতীয় ক্রিকেট।
ব্যাটিংয়ে আগ্রাসি কোহলি অধিনায়কত্বেও আগ্রাসন অক্ষুণ্ন রাখবেন বলে জানিয়েছেন। ২০১২ সালে অ্যাডিলেডেই অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি সেঞ্চুরি আছে এই কোহলির। তাঁর আগে পার্থের দ্রুতগতির উইকেটে ৭৫ রানের ইনিংসের সুখস্মৃতি এবারের অস্ট্রেলিয়া সফরে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে কোহলিকে।
আত্মবিশ্বাসকে কোহলি শেষ অবধি মাঠের পারফরম্যান্সে রূপান্তর করতে পারবেন কি না, সেটা অবশ্য বলে দেবে সময়ই। সূত্র: রয়টার্স।