অ্যাডিলেডে হিউজ-স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যালারিতে হিউজ-স্মরণ l রয়টার্স
গ্যালারিতে হিউজ-স্মরণ l রয়টার্স

অ্যাডিলেডে গতকাল তিনিও ছিলেন। তবে যেখানে থাকার কথা ছিল, সেখানে নয়।
ছিলেন হৃদয়ে, কালো ব্যাজে, গ্যালারির ব্যানারে, অ্যাডিলেডের দৈত্যাকার পর্দায়। কিন্তু যেখানে তাঁর থাকার কথা, সেই ২২ গজে ছিলেন না। কী করে থাকবেন, এক বছর আগের এই দিনটাতেই তো না-ফেরার দেশে চলে গেছেন ফিল হিউজ!
দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেল! ক্রিকেট থেমে নেই, বাউন্সার থেমে নেই। শুধু হিউজ থেমে আছেন সাদা-কালো ফ্রেমের সেই মুচকি হাসিতে, ৬৩ রানে অপরাজিত থেকে!
গত বছর ২৫ নভেম্বর শেফিল্ড শিল্ডে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ৬৩ রানে ব্যাট করার সময় নিউ সাউথ ওয়েলস পেসার শন অ্যাবটের বাউন্সারে চোট পেয়ে ক্রিজেই জ্ঞান হারান। সেই যে পড়ে গেলেন, আর জাগলেন না। দুদিন পর ২৭ নভেম্বর চিকিৎসকেরা জানিয়ে দেন, ফিল হিউজ আর নেই!
কিন্তু কেউ কেউ না থেকেও কী প্রবলভাবে থাকেন! অ্যাডিলেডে ঐতিহাসিক দিবারাত্রির টেস্টে নামার আগেই অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ টুইট করেছেন, ‘এক বছর হয়ে গেল আমরা আমাদের বন্ধুকে হারিয়েছি, কিন্তু আজ তার কথাই সবচেয়ে বেশি মনে পড়ছে।’ স্মিথের পূর্বসূরি, যিনি হিউজের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের একজন ছিলেন এবং সব সময় হিউজকে নিজের
‘ছোট ভাই’ বলতেন সেই মাইকেল ক্লার্কও লিখলেন, ‘তুমি যদি থাকতে আজ!’
হিউজের পরিবারেরই অনুরোধ ছিল, স্মরণ-পর্বকে যতটা সম্ভব সাদামাটা রাখতে। সাদামাটাই হলো, কিন্তু তাতেই আবেগের ঢেউ উঠল। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড দুই দলের খেলোয়াড়েরাই নামলেন কালো ব্যান্ড পরে। ঐতিহাসিক টেস্টের প্রথম বিরতিটাও দেওয়া হলো স্থানীয় সময় ঠিক বিকেল ৪-০৮ মিনিটে। অস্ট্রেলিয়ার ৪০৮ নম্বর টেস্ট ক্রিকেটার ছিলেন হিউজ! গ্যালারিতে যত পোস্টার, ব্যানার, সেখানেও তিনি। আবেগাপ্লুত দর্শকেরা লিখে এনেছেন—‘অপরাজিত ৬৩’, ‘৪০৮ স্মরণ’—এমন অনেক কথা।
আসলেই তো। মৃত্যুর সঙ্গে লড়াইয়ে তিনি হেরে গেছেন, কিন্তু ক্রিকেট মাঠে যে হিউজ চিরকালের জন্যই অপরাজিত ৬৩! এসএমএইচ।