অ্যানজিওপ্লাস্টি করা হলো সৌরভের
আজ দুপুরে হঠাৎ চমকে দেওয়া খবরটি এল। ভারতের কিংবদন্তি অধিনায়ক ও বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলীকে হাসপাতালে নেওয়া হয়েছে। সকালে জিম করার সময় বুকে ব্যথা হওয়ায় নিজেই হাসপাতালে গিয়েছিলেন। এরপর তাঁর রক্তনালিতে একাধিক ব্লক ধরা পড়ায় অ্যানজিওপ্লাস্টি করা হয়েছে।
শুভানুধ্যায়ীদের শুভকামনা জানানো বার্তার মিছিল শুরু হয়েছে এরপরই। শচীন টেন্ডুলকার থেকে বিরাট কোহলি, কেউ বাদ যাননি। সবার মনে স্বস্তি ফেরানো খবর মিলেছে। অ্যানজিওপ্লাস্টি শেষে জ্ঞান ফিরেছে সৌরভ গাঙ্গুলীর।
কলকাতার এক হাসপাতালে সৌরভের অ্যানজিওপ্লাস্টি হয়েছে। সফল অস্ত্রোপচার শেষে জ্ঞান ফিরেছে সাবেক অধিনায়কের। আপনজনদের সঙ্গে কথা বলছেন বলেও জানা গেছে। চিকিৎসকেরা বলছে, সৌরভের অবস্থা এখন স্থিতিশীল। তাঁর রক্তনালিতে ব্লক ধরা পড়েছিল। একটি স্টেন্ট বসানো হয়েছি। এর আগে চিকিৎসকেরা বলেছিলেন, ধমনিতে পাওয়া ব্লক খুবই গুরুতর ছিল এবং একটি নয়, একাধিক ব্লক ধরা পড়েছিল সৌরভের।
ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব জয় শাহ সবাইকে সৌরভের সুস্থতার কথা নিশ্চিত করেছেন। এক টুইটে লিখেছেন, ‘সৌরভ গাঙ্গুলীর দ্রুত সুস্থতা কামনা করছি, তাঁর জন্য প্রার্থনা করছি। তাঁর পরিবারের সঙ্গে কথা হয়েছে। দাদা এখন ভালো আছেন এবং চিকিৎসায় সারা দিচ্ছেন।’ আইসিসিও সৌরভের জন্য শুভকামনা জানিয়েছে, ‘সাবেক ভারতীয় অধিনায়ক এবং বর্তমান বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলীর কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। এখন তাঁর অবস্থা স্থিতিশীল। দ্রুত আরোগ্য কামনা করছি।’
ক্রিকেট লেখক বোরিয়া মজুমদার টুইটে বলেছেন, ‘সুখবর। তাঁর অবস্থা এখন স্থিতিশীল। স্টেন্ট বসানো হয়েছে। আমাকে উডল্যান্ডের (হাসপাতাল) সূত্র জানিয়েছে, তিনি বেশ ভালো আছেন। ধন্যবাদ সৃষ্টিকর্তাকে।’
অস্ত্রোপচারের আগেই সৌরভের স্বাস্থ্যের অবস্থা জানিয়েছিলেন চিকিৎসকেরা। সৌরভ সময়মতো হাসপাতালে যাওয়ায় অবস্থা বেগতিক হয়নি। যখন হাসপাতালে গিয়েছিলেন তখন নাকি সাবেক অধিনায়কের রক্তচাপ ও পালস স্বাভাবিক ছিল। কিন্তু পরীক্ষা–নিরীক্ষার পর অ্যানজিওপ্লাস্টির সিদ্ধান্ত নেওয়া হয়।’