অ্যান্ডারসন-ঝড় দেখার 'সৌভাগ্য' হলো আফ্রিদির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমনই মারমুখী ছিলেন অ্যান্ডারসন। ছবি: এএফপি
এমনই মারমুখী ছিলেন অ্যান্ডারসন। ছবি: এএফপি

২০১৪ সালের প্রথম দিনটা একটা ধাক্কা দিয়েই শুরু করেছিলেন শহীদ আফ্রিদি। সকাল সকাল ভাতিজার ডাকে ঘুম ভেঙে গেল। উঠেই শুনলেন দুঃসংবাদটা—তাঁর দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা আর তাঁর নেই। নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন সেদিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৬ বলে সেঞ্চুরি করে ভেঙে দিয়েছিলেন ১৮ বছর ধরে টিকে থাকা রেকর্ডটি। অ্যান্ডারসনের নামই তখন জানতেন না আফ্রিদি। ভাতিজাকে নাকি জিজ্ঞেস করেছিলেন, ‘কোরি অ্যান্ডারসনটা আবার কে?’

নামটা তো তখনই শুনেছেন আফ্রিদি। আজ ওয়েলিংটনের সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে অ্যান্ডারসন নিজেকে ভালোভাবে চেনালেন আফ্রিদির কাছে। বুঝিয়ে দিলেন, অ্যান্ডারসন-ঝড় কী জিনিস। প্রথমে ব্যাট হাতে, পরে বোলিংয়েও। টসে হেরেও ব্যাট করতে নেমে অ্যান্ডারসনের ৪২ বলে ৮২ রানের ঝড়ে ভর করেই ২০ ওভারে ১৯৬ রানের চূড়ায় উঠে গিয়েছিল নিউজিল্যান্ড। সেটি তাড়া করতে নামা পাকিস্তানকে বোলিংয়েও দুই উইকেট নিয়ে বড় ধাক্কাটা দিলেন অ্যান্ডারসনই।

শেষ পর্যন্ত আর সেই ধাক্কা সামলে উঠতে পারল না পাকিস্তান। মাত্র ১০১ রানে অলআউট হয়ে গেছে, ম্যাচটাও হেরে গেছে ৯৫ রানে। টি-টোয়েন্টিতে রানের ব্যবধানে নিজেদের সবচেয়ে বড় জয় দিয়ে সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড। যেকোনো দলের বিপক্ষে এটি পাকিস্তানেরও সবচেয়ে বড় হার। এক অ্যান্ডারসনের কাছেই হেরে গেল পাকিস্তান!

ওয়ানডেতে অ্যান্ডারসনের সেই রেকর্ডটি অবশ্য পরে ভেঙে দিয়েছেন এবি ডি ভিলিয়ার্স (৩১ বল)। কিন্তু তাতে তো আর অ্যান্ডারসনের ঝড় তোলার ক্ষমতা মিথ্যা হয়ে যায় না। নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার এর পরেও বেশ কয়বার ঝড় তুলেছেন। তবে আফ্রিদির প্রত্যক্ষ অভিজ্ঞতা ছিল না এত দিন। আফ্রিদির সঙ্গে একই ম্যাচে খেলেছেন এর আগের পাঁচটি ইনিংসে তেমন কিছু করতে পারেননি। এবার তো প্রথম টি-টোয়েন্টিতে শূন্য রানে আউট হলেন। দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুই ওপেনারেই ম্যাচ শেষ হওয়ায় ব্যাটিংই পেলেন না। সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ককে হয়তো নিজের সেই চেহারা দেখার একটা তাগিদ অ্যান্ডারসনের ছিলই।

মোটামুটি পাকিস্তানের সব বোলারের ওপরই আক্রমণ চালিয়েছে অ্যান্ডারসন। সবচেয়ে বেশি আমির ও ওয়াহাব রিয়াজের ওপর দিয়ে। আমিরের ৯ বলে ২১, আর রিয়াজের ১৪ বলে ৩১। সঙ্গে আফ্রিদির ৭ বলে নিয়েছেন ১৩।

অবশ্য শুধু অ্যান্ডারসনের নাম বললে হবে না। এই বাঁহাতি তো শেষ দিকে এসে এই ঝড় তুলেছেন। শুরুটা করে দিয়েছিলেন কিন্তু মার্টিন গাপটিল। মাত্র ১৯ বলে করেছেন ৪২। সঙ্গে একটু অচেনা দেখালেও কেন উইলিয়ামসনের ৩৪ বলে ৩৩ রানের অবদানও কম নয়।

ব্যাটিংয়ের ঝড়টা বোলিংয়েও টেনে নিয়ে এলেন অ্যান্ডারসন। ৫ ওভারের মধ্যেই প্রথম ৪ উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান, তার মধ্যে দুটিই তাঁর। অ্যান্ডারসন যা শুরু করেছিলেন, সেটিই শেষ করলেন অ্যাডাম মিলনে ও গ্র্যান্ট এলিয়ট। পাকিস্তানের শেষ ৬টি উইকেট ভাগাভাগি করে নিয়েছেন এই দুজন। এক সরফরাজ আহমেদই কিছু চেষ্টা করেছিলেন, ৩৬ বলে করেছেন ৪১ রান। বাকিদের রান আর বলার মতো নয়। শুধু শোয়েব মালিকই দুই অঙ্ক পেরোতে পেরেছেন (১৪)।

সিরিজের প্রথম ম্যাচে জিতেছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে কিউইরা সেটির শোধ নিয়েছিল ১০ উইকেটে জিতে, উইকেটের ব্যবধানে বড় জয়। আর আজ রানের ব্যবধানে নিজেদের সবচেয়ে বড় জয়। পাকিস্তানকে পেয়ে যেন রেকর্ড গড়া জয়ের উৎসবই করল নিউজিল্যান্ড।


সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৯৬/৫ (গাপটিল ৪২, উইলিয়ামসন ৩৩, অ্যান্ডারসন ৮২, এলিয়ট ১৯; ওয়াহাব ২/৪৩, আফ্রিদি ১/২৭)

পাকিস্তান:
১৬.১ ওভারে ১০১/১০ (হাফিজ ২, শেহজাদ ৮, রিজওয়ান ৪, শোয়েব ১৪, সরফরাজ ৪১, উমর ৫, আফ্রিদি ৮, ইমাদ ০, আনোয়ার ৮, ওয়াহাব ৪, আমির ১*; অ্যান্ডারসন ২/১৭, মিলনে ৩/৮, এলিয়ট ৩/৭)

ফল:
নিউজিল্যান্ড ৯৫ রানে জয়ী

সিরিজ:
নিউজিল্যান্ড ২- ১ পাকিস্তান
ম্যান অব দ্য ম্যাচ: কোরি অ্যান্ডারসন