অ্যান্ডারসন-ব্রডকে দল থেকে বাদ দিয়ে ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছে ইংল্যান্ড
নিজেদের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ দুই উইকেটশিকারি জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডকে বাদ দিয়েই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে ইংল্যান্ড। মঙ্গলবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দল ঘোষণা করেছে। ১৬ জনের দলে জায়গা পাননি দুই অভিজ্ঞ পেসার, ৩৯ বছর বয়সী অ্যান্ডারসন ও ৩৫ বছর বয়সী ব্রড। ১৬৯ টেস্টের ক্যারিয়ারে ৬৪০ উইকেট পেয়েছেন অ্যান্ডারসন, ১৫২ ম্যাচে ব্রডের শিকার ৫৩৭ উইকেট। সর্বশেষ অ্যাশেজে অস্ট্রেলিয়ার মাটিতে ৪-০ ব্যবধানে হারা ইংল্যান্ড দলে ছিলেন দুজনই।
অ্যান্ডারসন-ব্রডসহ অ্যাশেজের দলে থাকা আটজন জায়গা পাননি ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে। বাদ পড়েছেন ডম বেস, স্যাম বিলিংস, ররি বার্নস, জস বাটলার, হাসিব হামিদ ও ডেভিড ম্যালান। অধিনায়ক রাখা হয়েছে জো রুটকেই। ১৬ জনের দলে সুযোগ পেয়েছেন এখনো টেস্ট না খেলা ম্যাথু ফিশার, অ্যালেক্স লিস, সাকিব মেহমুদ ও ম্যাথু পারকিনসন। এঁদের মধ্যে ওপেনার অ্যালেক্স লিস ও পেসার ম্যাথু ফিশার ইংল্যান্ডের যে কোনো সংস্করণের জাতীয় দলেই প্রথম ডাক পেলেন।
দল নির্বাচন করেছেন ইংল্যান্ডের পুরুষ ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর স্যার অ্যান্ড্রু স্ট্রাউস, অন্তর্বর্তী কোচ পল কলিংউড ও প্রধান স্কাউট জেমস টেলর।
আগামী মাসে ক্যারিবিয়ানে যাবে ইংল্যান্ড। আগামী ৮ মার্চ অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। সিরিজের পরের দুটি টেস্ট ব্রিজটাউন ও গ্রেনাডায়।
ওয়েস্ট ইন্ডিজ সফরের ইংল্যান্ড টেস্ট দল
জো রুট (অধিনায়ক), জনি বেয়ারস্টো, জ্যাক ক্রলি, ম্যাথু ফিশার, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, অ্যালেক্স লিস, সাকিব মেহমুদ, ক্রেইগ ওভারটন, ম্যাথু পারকিনসন, ওলি পোপ, ওলি রবিনসন, বেন স্টোকস, ক্রিস ওকস ও মার্ক উড।