অ্যান্ডারসন-ব্রডদের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ বিকেলে পাকিস্তানকে অলআউট করে দিয়ে ইংলিশ খেলোয়াড়েরা যখন মাঠ ছাড়ছেন, সবার সামনে থাকলেন জেমস অ্যান্ডারসন আর স্টুয়ার্ট ব্রড। শারজায় সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের প্রতীকী ছবি তো এটাই। প্রায় তিন বছর পর দলে ফেরা সামিত প্যাটেল আর মঈন আলীর স্পিনেরও ভূমিকা আছে। কিন্তু প্রথম দিনেই পাকিস্তানকে ২৩৪ রানে গুটিয়ে দেওয়ার বড় কৃতিত্ব অ্যান্ডারসন আর ব্রডেরই।

অ্যান্ডারসনই শুরুটা করেছিলেন নিজের দ্বিতীয় ওভারেই আজহার আলীকে ফিরিয়ে দিয়ে। স্কোরবোর্ডে তখন মাত্র ৫ রান। এ সিরিজে পাকিস্তানের উদ্বোধনী জুটি ৫০ ছাড়িয়েছে মাত্র একবার! এর পর একে একে ইংলিশ পেসারের শিকার হয়েছেন ইউনিস খান, মিসবাহ-উল-হক ও রাহাত আলী। এর মধ্যে ইউনিসকে এলবিডব্লু করে শন পোলককে (৪২১ উইকেট) পেরিয়ে টেস্টে সবচেয়ে বেশি উইকেট পাওয়া বোলারদের তালিকার আটে উঠে এসেছেন অ্যান্ডারসন। ৪২৪ উইকেট নিয়ে পেসারদের মধ্যে তিনি পঞ্চম।

পাকিস্তানকে কম ভোগাননি ব্রডও। তাঁর প্রথম ১০ ওভারে ৮টিতেই কোনো রান পায়নি পাকিস্তান। ব্রড শুধু নিজের প্রথম ওভারে ও দশম ওভারে দিয়েছিলেন ১ রান করে। সংযুক্ত আরব আমিরাতে এ পর্যন্ত ৬ টেস্ট খেলে ১৮৫.৪ ওভার বোলিং করেছেন ব্রড, মেডেন পেয়েছেন ৬০টি। মধ্যপ্রাচ্যের এ দেশটিতে এখন পর্যন্ত তাঁর চেয়ে বেশি মেডেন ওভার করতে পারেননি অন্য কোনো পেস বোলার।

দুই ইংলিশ পেসারের তোলা ঝড়ের মধ্যেও প্রতিরোধের দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন মিসবাহ। কিন্তু প্রায় সাড়ে তিন ঘণ্টা স্থায়ী তাঁর ইনিংসটাও শেষ হয়েছে অ্যান্ডারসনের বলে, দিনের ৮৪ নম্বর ওভারে। এরপর আর মাত্র ১২ বল টিকেছে পাকিস্তানের ইনিংস। ক্রিকইনফো।