অ্যান্ডারসনকে নতুন উচ্চতার হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পায়ের পেশিতে টান পড়ায় ডারবানে খেলতে পারেননি। কেপটাউনে ফিরেছেন, কিন্তু স্বরূপে দেখা যায়নি জেমস অ্যান্ডারসনকে। একটা ইনিংসেই বল করেছেন—৭৭ রানে ১ উইকেট। এই ফর্ম নিয়ে কি চলমান সিরিজের বাকি দুই টেস্টে ৮ উইকেট পাবেন ইংলিশ পেসার!
ভাবছেন, আর ৮ উইকেট পেলে কী এমন হবে?
১১১ টেস্টে ৪২৭ উইকেট। টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় অ্যান্ডারসন আছেন ৮ নম্বরে। তবে হাতছোঁয়া দূরত্বেই আছেন স্যার রিচার্ড হ্যাডলি (৪৩১) ও কপিল দেবের (৪৩৪) অর্জন থেকে। এই দুজনের সামনে যিনি, সেই কোর্টনি ওয়ালশ অবশ্য ৫১৯ উইকেট নিয়ে বেশ দূরে। ৩৩ বছর বয়সী অ্যান্ডারসনের ক্যারিয়ার এখন যে অবস্থায় আছে, সেখান থেকে তাঁর পক্ষে ওয়ালশকে ছোঁয়া কিংবা পেরিয়ে যাওয়া একেবারে অসম্ভব নয়। তবে কিছুটা তো কঠিনই।
ওয়ালশকে পেরোনোর ভাবনাটাকে তাই আপাতত দূরেই রাখতে পারেন অ্যান্ডারসন। তবে হ্যাডলি-কপিলদের পেরিয়ে যাওয়া তো এখন তাঁর কাছে সময়ের ব্যাপারই। আর ৫ উইকেট নিলে হ্যাডলি পেছনে পড়ে যাবেন, ৮ উইকেট নিলে কপিল।
জোহানেসবার্গের উইকেট যদি তাঁর ঐতিহ্য এবারও ধরে রাখে, আর অ্যান্ডারসনও স্বরূপে ফিরতে পারেন—তাহলে দুই কিংবদন্তিকে পেরিয়ে যেতে মনে হয় না সেঞ্চুরিয়নের শেষ টেস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে ইংলিশ পেসারকে।