অ্যান্ডারসনকে ম্যাকগ্রার শুভ কামনা

নিজের রেকর্ড ভেঙে যেতে দেখলে কার আর ভালো লাগে! বাইরে যতই হাসিমুখ থাকুক, ভেতরে কি চাপা দুঃখবোধ থাকে না? টেস্টে ফাস্ট বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের মালিক গ্লেন ম্যাকগ্রার রেকর্ডটা এখনো ভাঙেনি, তবে ভেঙে যাওয়ার ‘আশঙ্কা’ দেখা দিয়েছে। যিনি এটি ভেঙে দেওয়ার জোর সম্ভাবনা জাগিয়েছেন, সেই জেমস অ্যান্ডারসনও খুব আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে চলেছেন। কিন্তু ম্যাকগ্রা এতে মোটেও চিন্তিত নন। উল্টো তিনি খুব আশাবাদী, অ্যান্ডারসনের পক্ষেই তাঁর রেকর্ড ভাঙা সম্ভব। সাবেক অস্ট্রেলিয়ান পেসার আগাম শুভ কামনাও জানিয়ে রাখছেন অ্যান্ডারসনকে।
৮০০ উইকেট নিয়ে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় সবার ওপরে মুত্তিয়া মুরালিধরন। সাবেক শ্রীলঙ্কান স্পিনারের রেকর্ড কোনো দিন কারও পক্ষে ভাঙা সম্ভব কি না, সেটি আলোচনার বিষয়। মুরালির পরের দুটি অবস্থানও দুই স্পিনারের—শেন ওয়ার্ন (৭০৮) ও অনিল কুম্বলে (৬১৯)। ৫৬৩ উইকেট নিয়ে এই তিন স্পিনারের পরের অবস্থান এবং পেসারদের মধ্যে শীর্ষস্থানটা ম্যাকগ্রার। ১১৫ টেস্টে ৪৫১ উইকেট নিয়ে জেমস অ্যান্ডারসন আছেন সব মিলিয়ে ছয় ও পেসারদের মধ্যে তিন নম্বরে। ম্যাকগ্রা আর অ্যান্ডারসনের মাঝে অবস্থান সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান পেসার কোর্টনি ওয়ালসের (৫১৯)।
জেমস অ্যান্ডারসন অবশ্য কিছুদিন আগেই বলেছেন, তাঁর লক্ষ্য ইতিহাসের তৃতীয় পেসার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক ছোঁয়া। তবে ম্যাকগ্রা মনে করেন শুধু পাঁচ শর মাইলফলক ছোঁয়া নয়, অ্যান্ডারসনের পক্ষে তাঁকে ছাড়িয়েও যাওয়া সম্ভব, ‘এটা আসলে পুরোপুরি তার (অ্যান্ডারসন) ওপর নির্ভর করছে। যদি সে ফিট থাকতে পারে তাহলে সে খুব সহজেই আমাকে সরিয়ে দিয়ে শীর্ষস্থানে চলে যেতে পারবে। আমার পক্ষ থেকে তার জন্য শুভ কামনা রইল।’
বয়স ৩৩ পেরিয়ে গেলেও ফিটনেস নিয়ে খুব বেশি সমস্যায় এখন পর্যন্ত পড়তে হয়নি অ্যান্ডারসনকে। এই দশকের শুরু (১ জানুয়ারি ২০১০) থেকে এখন পর্যন্ত তাঁর চেয়ে বেশি উইকেট (৩০৩) পাননি আর কোনো বোলার। আর এর মধ্যে বেশির ভাগ উইকেটই (১৮৩টি) এসেছে অ্যান্ডারসনের বয়স ৩০ পেরিয়ে যাওয়ার পরে। তার মানে ফর্মটাও দারুণ যাচ্ছে তাঁর। আর ফিটনেস ও ফর্ম ধরে রাখতে পারলে রেকর্ড ভেঙে দেওয়ার জন্য পর্যাপ্ত টেস্ট খেলার সুযোগ তো অ্যান্ডারসন পাবেনই। এ বছর এরই মধ্যে ৫টি টেস্ট খেলেছে ইংল্যান্ড। বাকি আছে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে আরও একটি টেস্ট। এফটিপি অনুযায়ী, জুলাইতে পাকিস্তানের বিপক্ষে ৪ টেস্টের সিরিজ, অক্টোবরে বাংলাদেশ সফরে দুটি টেস্ট খেলার কথা, পরে ভারতের বিপক্ষে রয়েছে ৫ টেস্টের সিরিজ। সব মিলিয়ে এ বছরই আরও ১২ টেস্ট খেলার কথা ইংল্যান্ডের।
ম্যাকগ্রার ধারণা, শুধু এ বছর নয়, আরও কয়েক বছরই ইংল্যান্ড দলে দাপটের সঙ্গে খেলে যেতে পারবেন ইংলিশ পেসার, ‘মাঝে ওর ফিটনেস নিয়ে একটু সমস্যা হয়েছিল। কিন্তু সে দারুণভাবে ফিরে এসেছে। এখন দেখা যাক, সে এটা কত দিন ধরে রাখতে পারে। আমার সৌভাগ্য হয়েছিল ৩৭ বছর বয়স পর্যন্ত খেলে যাওয়ার। আমার বিশ্বাস, সে-ও অনেক সুযোগ পাবে।’ ক্রিকেট অস্ট্রেলিয়া ওয়েবসাইট।